হরতালে ভাংচুর: শতাধিক জামায়াতকর্মীর বিরুদ্ধে মামলা
জামায়াতের ডাকা হরতালের সময় পুলিশের উপর হামলা ও যানবাহন ভাংচুরের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ ও কক্সবাজারে পুলিশের দায়ের করা দুটি মামলায় সংগঠনটির শতাধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
বুধবার রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় উপ-পরিদর্শক (এসআই) রওশন কবির বাদী হয়ে ১৭ জনের নামোল্লেখসহ অজ্ঞাত আরও ৬০ জামায়াত-শিবির নেতাকর্মীর নামে একটি মামলা দায়ের করেন।
অপরদিকে বৃহস্পতিবার সকালে এসআই কামাল হোসেন বাদী হয়ে ৩০ জনের নামোল্লেখ করে কক্সবাজার সদর থানায় আরেকটি মামলা দায়ের করেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি বজলুর রশিদ জানান, বুধবার দুপুর ১২টার দিকে হরতাল চলাকালে শহরের বালু বাগানে জামায়াত-শিবিরকর্মীরা রাস্তা অবরোধ করে। তারা পুলিশকে লক্ষ্য করে ৮টি হাতবোমা নিক্ষেপ করে। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে ১৫ রাউন্ড রাবার বুলেট ও ৩ রাউন্ড কাঁদানে গ্যাস ছোঁড়ে। পুলিশ ঘটনাস্থল থেকে ২ জনকে আটক করে বলে জানান ওসি বজলুর।
কক্সবাজার সদর থানার ওসি জসীম উদ্দিন জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের কক্সবাজারের খরুলিয়া এলাকায় পিকেটারের ধাওয়ায় একটি জিপ উল্টে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৭ জন।
এ ঘটনায় পুলিশ ৫ জনকে আটক করে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে বলে জানান ওসি জসীম।
