ছয় দিনেও সন্ধান নেই অপহৃত কিশোরীর
অপহরণের ছয় দিনেও যশোরের এক স্কুলছাত্রীর সন্ধান মেলেনি।
মেয়েটির পরিবারের অভিযোগ, পুলিশ দায়িত্বে অবহেলা করছে। তবে, পুলিশ এ অভিযোগ অস্বীকার করেছে।
শার্শা থানার ওসি পরিদর্শক আব্দুল জলিল জানান, ঈদের আগের দিন বৃহস্পতিবার শার্শার নাভারন পাইলট বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এ ছাত্রীকে (১৫) রাতে অপহরন করা হয়।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লিমাকে উদ্ধার ও আসামিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। লিমাকে দ্রুত উদ্ধার করা হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
শুক্রবার রাতে লিমার বাবা বাদী হয়ে শার্শা থানায় একটি অপহরণ মামলা করেছেন।
এতে আসামি করা হয়-ঝিকরগাছা উপজেলার ইসলামপুর গ্রামের রাজন ওরফে রাজু (২২), তার বাবা মুজিবর রহমান ও চাচা আব্দুল মজিদকে।
স্বজনদের বরাত দিয়ে ওসি জানান, চাঁদ রাতে বান্ধবীদের সঙ্গে নাভারন নিউ মার্কেটে কেনাকাটা করতে গেলে রাজু ও তার সহযোগীরা মেয়েটিকে জোরপূর্বক তুলে নিয়ে যায়।
