২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহ হাসপাতালে লিফটে রোগীর মৃত্যু

বুকে ব্যাথা নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আসা এক রোগী লিফটে আটকা পড়ে মারা গেছেন।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2013, 09:23 PM

Updated : 23 Aug 2022, 06:42 PM

মোশাররফ হোসেন (৩৫) নামে ওই রোগী সোমবার সন্ধ্যা ৭টায় হাসপাতালের জরুরি বিভাগে আসেন। চিকিৎসক তাকে দ্রুত করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করেন।

দ্বিতীয় তলার সিসিইউ-এ যাবার সময় লিফটে উঠলে সেটি যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় এক ঘণ্টা আটকে থাকলে সেখানেই মোশারফের মৃত্যু হয় বলে জানান হাসপাতালের জরুরি বিভাগের করণিক হেলাল উদ্দিন।

তিনি গফরগাঁও উপজেলার মহিউদ্দিনের ছেলে।

মোশারফের সঙ্গে থাকা চাচা কামরুল ইসলাম অভিযোগ করেন, এ সময় হাসপাতাল কিংবা লিফট পরিচালনা কর্তৃপক্ষ মোশাররফসহ স্বজনদেরকে উদ্ধারে কার্যকর কোন পদক্ষেপ নেয়নি।

ময়মনসিংহ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর তত্ত্বাবধানে বেসরকারি প্রতিষ্ঠান ‘এস আলম’ লিফট পরিচালনা করে আসছে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ।