সরাইলে ট্রাক্টরচাপায় দুজন, নাটোরে মাইক্রোর ধাক্কায় একজন নিহত
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে রোববার ট্রাক্টরের চাপায় একটি অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন।
একইদিন নাটোরের সিংরায় মাইক্রোবাসের ধাক্কায় মারা গেছেন এক যুবক।
সরাইলের দুর্ঘটনাটি ঘটেছে বিকাল ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে কুট্টাপাড়া মোড়ে।
ট্রাফিক ইন্সপেক্টর মোহাম্মদ বায়েজিদ জানান, বালুভর্তি ট্রাক্টরটি অটোরিক্সাটিকে অতিক্রমের সময় চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত এবং অন্য তিন যাত্রী আহত হন।
নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি হলেন- বিজয় নগর উপজেলার কাশিনগর গ্রামের পীর মোহাম্মদ (৪৭)।
দুর্ঘটনায় সুভাষ রায় (৪৮), তার স্ত্রী গৌরী রায় (৪৪) এবং তাদের মেয়ে অর্পিতা রায় (২৫) কে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বাড়ি নাসিরনগর উপজেলায়।
সিংড়ার দুর্ঘটনাটি ঘটে বেলা আড়াইটার দিকে নাটোর-বগুড়া সড়কের শেরকোল এলাকায়।
নিহত রতন প্রামানিক (১৮) একজন কৃষি শ্রমিক। তিনি সিংড়া পৌর এলাকার গোডাউনপাড়ার আবুল হোসেনের ছেলে।
ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় ব্যবসায়ী আনোয়ার হোসেন বলেন, নাটোর থেকে ভটভটিতে চড়ে রতন বাড়ি ফিরছিল। পিছন থেকে বগুড়াগামী একটি মাইক্রোবাস ভটভটিকে ধাক্কা দিলে রতন ছিটকে সড়কে পড়ে।
স্থানীয়রা রতনকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে রতন মারা যান বলে সিংড়া থানার ওসি গোলাম হায়দার ফায়জুর রহমান জানিয়েছেন।
