২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে গৃহবধূর টুকরো লাশ উদ্ধার

মানিকগঞ্জ সদরে এক গৃহবধূর কয়েকটুকরা করা লাশ উদ্ধার করেছে পুলিশ।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2013, 02:17 PM

Updated : 23 Aug 2022, 06:38 PM

বুধবার সকাল ১০টার দিকে দয়ারামপুর গ্রামের একটি ভূট্টা ক্ষেতে জোসনা সূত্রধরের (২৫) লাশ পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে।

জোসনা সদর উপজেলার দশআনী গ্রামের ঠাকুর দাসের ছেলে শরৎ দাসের স্ত্রী।

মানিকগঞ্জ সদর থানার ওসি মো. সফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দাম্পত্য ও সাংসারিক বিভিন্ন বিষয় নিয়ে জোসনাকে স্বামী প্রায়ই নির্যাতন করত।

গত ২০ জুলাই স্বামীর বাড়ি থেকে নিখোঁজ হন জোসনা। এ বিষয়ে জোসনার বাবা ২৩ জুলাই মানিকগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

সকালে দয়ারামপুর গ্রামের একটি ভূট্টাক্ষেতে গলাকাটা লাখ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে স্বজনরা জোসনার লাশ সনাক্ত করেন।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছে।

ওসি সফিকুল আরো জানান, লাশের মাথা ও বাম হাত দেহ থেকে বিচ্ছিন্ন ছিল। এছাড়া বিচ্ছিন্ন বাম পায়ের সন্ধান পাওয়া যায়নি।