২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রবির বিরুদ্ধে ৪২ মামলা আবার সচল

বেসরকারি মোবাইল অপারেটর রবির বিরুদ্ধে শ্রম আদালতে কর্মচারীদের করা ৪২ মামলার উপর আগের দেয়া স্থগিতাদেশ তুলে নিয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2013, 12:33 AM

Updated : 25 Apr 2022, 07:03 PM

রোববার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মাহমুদুল হকের বেঞ্চ মামলাগুলোর উপর থেকে স্থগিতাদেশ প্রত্যাহারের আদেশ দেন।

একইসঙ্গে কর্মচারীদের ওই মামলাগুলোর খারিজের আদেশ চেয়ে রবির করা ৪২টি আবেদনও খারিজ করেছে আদালত।

আদালতে রবির পক্ষে ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ এবং রবির সাবেক ৪২ কর্মচারীর পক্ষে হাসান এমএস আজিম শুনানি করেন। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস ও সহকারি অ্যাটর্নি জেনারেল সুকুমার বিশ্বাস।

হাসান এম এস আজিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রবির মাদার কোম্পানি অ্যাজিটা লিমিটেডে তার ৪২ জন মক্কেল রবিতে টেকনিক্যাল অ্যাসিট্যান্ট হিসাবে কাজ করতেন। তাদের কাজ তিন মাস ধরে চললেও শ্রম আইন মেনে চাকরি স্থায়ী না করে বারবার চুক্তিভিত্তিক নিয়োগ দেয় রবি। এ কারণে তারা প্রত্যেকেই রবির বিরুদ্ধে শ্রম আদালতে মামলা করেন। মামলার সময় ৪১ জনই চাকুরিতে বহাল ছিলেন। শুধু এক জনের চুক্তির মেয়াদ মামলা করার আগেই শেষ হয়।

তিনি বলেন, এর পর আর কারো চাকরি নবায়ন না করে ক্রমেই সবার চুক্তির মেয়াদ শেষ হওয়ার জন্য অপেক্ষা করে রবি। মেয়াদ শেষে আদালতে আত্মপক্ষ সমর্থন করে ওই ৪২ জন নিজের কর্মচারী নয় বলে মামলা খারিজের আবেদন করে কোম্পানিটি।

কিন্তু আদালত তাদের আবেদন খারিজের আদেশ দিলে তার বৈধতা চ্যালেঞ্জ করে হাই কোর্টে আবেদন করে রবি। ২০১২ সালের বিভিন্ন সময়ে করা ওই ৪২ রিটে সংশ্লিষ্টদের কারণ দর্শানোর আদেশের পাশাপাশি শ্রম আদালতে চলা কর্মচারীদের মামলার উপর স্থগিতাদেশ দিয়েছিল আদালত।

হাসান এম এস আজিম বলেন, “আজ আদালত ৪১টি খারিজ এবং একটি নিষ্পত্তি করলো। আর সবগুলো মামলার কার্যক্রমের ওপর দেয়া স্থগিতাদেশ প্রত্যাহার করলো। তার মানে রবির বিরুদ্ধে মামলা চলতে আর কোনো বাধা রইলো না।”

ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালত ৪১টি রিটের রুল ডিসচার্জ করে দিয়েছে। একটি নিষ্পত্তি করেছে।