৭ অগাস্টের মধ্যে গার্মেন্টে বেতন দেয়ার নির্দেশনা
ঈদ সামনে রেখে ৭ অগাস্টের মধ্যে পোশাক শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করতে বলেছেন শ্রমমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু।
বৃহস্পতিবার সচিবালয়ে বিজিএমইএ, জুট মিলস অ্যাসোসিয়েশন, জুট মিলস স্পিনার্স অ্যাসোসিয়েশন এবং শ্রমিক নেতাদের সঙ্গে এক বৈঠকে তিনি এই নির্দেশনা দেন।
মন্ত্রী বলেন, “শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধে মালিকদের যাতে কোনো আর্থিক সঙ্কট না হয়, সেজন্য ব্যাংকগুলোকে প্রয়োজনীয় নির্দেশ দিতে অর্থসচিব ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে কথা বলব।”
শ্রমিকদের সঙ্গে মালিকদের সরাসরি সম্পর্ক বাড়ানোর ওপরও গুরুত্ব দেন মন্ত্রী।
তিনি জানান, পোশাক শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধে বিজিএমইএ কার্যালয়ে একটি তদারিক সেল খোলা হয়েছে। শ্রমিকদের ঠিকমতো বেতন-ভাতা দেয়া হচ্ছে কি-না, এর মাধ্যমে তা জানা যাবে।
অন্যদের মধ্যে শ্রম সচিব মিকাইল শিপার, বিজেএমইএ সভাপতি আতিকুল ইসলাম, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলুল হক, জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ, ন্যূনতম মজুরি কমিশনের সদস্য সিরাজুল ইসলাম বৈঠকে রনি উপস্থিত ছিলেন।
ঈদের আগে বকেয়া বেতন ও বোনাস দেয়া নিয়ে প্রায় প্রতিবছরই আশুলিয়া, গাজীপুর, ঢাকাসহ বিভিন্ন স্থানে শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটে। ফলে প্রতি ঈদের আগেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে বিশেষ নজর দিতে হয়।
এর আগে গত ২১ জুলাই শিল্পাঞ্চল ও অন্যান্য এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাস্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছিলেন, “সাধারণত শ্রমিকদের বেতন-ভাতা ও বোনাস ১ থেকে ৫/৬ তারিখের মধ্যে পরিশোধ করা হয়। ঈদের আগে সময়মতো বেতন-বোনাস দিতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো প্রয়োজনে সহযোগিতা দেবে।”
বাংলাদেশে প্রায় ২০ বিলিয়ন ডলারের তৈরি পোশাক শিল্পে ৩৬ লাখের বেশি শ্রমিক জড়িত, যাদের অধিকাংশই নারী। বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ হলেও অনেক কারখানায় সরকার নির্ধারিত মজুরি কাঠামোই ঠিকমতো অনুসরণ করা হয় না বলেও অভিযোগ রয়েছে।
কারখানার নিরাপদ কর্মপরিবেশ ও শ্রমিক অধিকার নিশ্চিত না করার অভিযোগ তুলে যুক্তরাষ্ট্র সম্প্রতি বাংলাদেশি পণ্যে জিএসপি সুবিধা স্থগিত করে। তবে বাংলাদেশের তৈরি পোশাক এই সুবিধা পেত না।
