২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আবার কানাডা যাচ্ছে দুদক দল

পদ্মা দুর্নীতি মামলার অন্যতম আসামি এসএনসি লাভালিনের কর্মকর্তা রমেশ শাহ’র সেই কথিত ডায়রিটির কপি সংগ্রহে আবার কানাডায় প্রতিনিধি দল পাঠাচ্ছে দুর্নীতি দমন কমিশন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2013, 01:49 AM

Updated : 23 Aug 2022, 11:14 AM

আগামী ৯ সেপ্টেম্বরের মধ্যে দলটি কানাডা যাবে বলে জানিয়েছেন কমিশন চেয়ারম্যান মো. বদিউজ্জামান।

বুধবার তিনি সাংবাদিকদের বলেন, “এই মামলার মূল বিষয় রমেশের ডায়রি। আমরা সেটাই পাইনি। মামলার তিন জন আসামি কানাডায়। তাদের সাক্ষ্যও এখনো যোগাড় করা সম্ভব হয়নি। তাই আমরা কানাডায় যাওয়াকেই গুরুত্ব দিচ্ছি।”

কানাডার আদালতে এসএনসি লাভালিনের বিচার কাজ পর্যবেক্ষণ, কোম্পানির ৩ কর্মকর্তা কেভিন ওয়ালেস, রমেশ শাহ ও মোহাম্মদ ইসমাইলের জবানবন্দি গ্রহণ এবং রমেশের ডায়রির কপি সংগ্রহ করতে গত ১৯ মে কানাডা গিয়েছিলেন দুদকের প্রধান কৌঁসুলি আনিসুল হক এবং মামলার বাদি আব্দুল্লাহ আল জাহিদ।

তবে সেই সফরে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। কানাডা থেকে ফিরে গত ২ জুন আনিসুল হক সাংবাদিকদের জানিয়েছিলেন, কানাডার আদালত বিচার কার্য শেষ হওয়ার আগ পযন্ত ডায়রি বা ডায়রির কপি বাংলাদেশকে হস্তান্তর করবে না।

পদ্মা দুর্নীতি মামলার প্রধান আসামি সাবেক সেতু সচিব মোশাররফ হোসেন ভুইয়া মঙ্গলবার দুপুরে দুদক কার্যালয়ে এসেছিলেন। দুদক চেয়ারম্যানের সঙ্গে এক ঘণ্টা আলোচনা করেন তিনি।

সাবেক এই সেতু সচিবের সঙ্গে সাক্ষাতকে ‘সৌজন্য সাক্ষাৎ’ বলেছেন দুদক চেয়ারম্যান।

তিনি বলেন,“ এটা নিছকই সৌজন্য সাক্ষাৎ। এতে আইনগত কোনো বাধা নেই। তাই বিভ্রান্তি ছড়ানোরও কোনো সুযোগ নেই।”

এই সাক্ষাত তদন্তকাজে কোনো প্রভাব ফেলবে না বলেও দাবি করেন তিনি।

“তিনি আমার সঙ্গে দেখা করে বলেছেন, যেন প্রপার জাস্টিস হয়। এটা যে কোনো আসামি চাইতেই পারেন।”