২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আশরাফ-মুঈনুদ্দীনের বিরুদ্ধে ড. আনোয়ারের সাক্ষ্য

১৯৭১ সালে স্বাধীনতার প্রাক্কালে বুদ্ধিজীবী হত্যায় অভিযুক্ত চৌধুরী মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান খানের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন ড. সৈয়দ আনোয়ার হোসেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2013, 11:27 PM

Updated : 23 Aug 2022, 11:14 AM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের এই অধ্যাপক ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর অধ্যাপক গিয়াসউদ্দীন আহমেদকে অপহরণ করে নিয়ে যাওয়ার ঘটনার প্রত্যক্ষদর্শী।

পরে তিনি জানতে পারেন ওইদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরো কয়েকজন শিক্ষকককে অপহরণ করে নিয়ে যাওয়া হয়।

এসব অপহরণের নেতৃত্বে আশরাফুজ্জামান খান ও চৌধুরী মুঈনুদ্দীনই ছিলেন, তা  তিনি পত্র-পত্রিকা পড়ে জানতে পারেন বলে জানান তিনি।

সাক্ষ্য দেয়া শেষ হলে সৈয়দ আনোয়ারকে জেরা শুরু করেন পলাতক আশরাফু্জ্জামানের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আব্দুস শুক্কুর খান।

জেরা অসমাপ্ত রেখে শুনানি আগামী ২৯ জুলাই পর্যন্ত মুলতবি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

অধ্যাপক আনোয়ার বলেন, ১৯৭১ সালের মার্চ মাসে তিনি মহসিন হল ছেড়ে এক বন্ধুর বাড়িতে আশ্রয় নেন। পরে জুলাই মানে বিশ্ববিদ্যালয় খুলে দেয়া হলে ছাত্র-ছাত্রী না থাকলেও শিক্ষকদের ৯টা থেকে ১টা পর্যন্ত থাকা বাধ্যতামূলক করা হয়।

অধ্যাপক গিয়াসউদ্দীনকে অপহরণের ঘটনা বর্ণণা করে সাক্ষ্যে তিনি বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর সকাল ৮টা-সোয়া ৮টার দিকে মহসিন হলের পাম্প হাউজের দরজা থেকে ছাই রঙের পোশাক পড়া এক ব্যক্তি অধ্যাপক গিয়াসউদ্দীনের বুকে বন্দুক ঠেকিয়ে তাকে নিয়ে যায়। ওই ব্যক্তির মুখ রুমাল দিয়ে মুখ বাঁধা এবং হাতে রাইফেল ছিল।

“তখন স্যার আমার দিকে তাকিয়ে বললেন, ‘আনোয়ার চলি, দোয়া করো’।”

কিছুদূর যাওয়ার পর ওই ব্যক্তির সঙ্গে বিপরীত দিকে থেকে আসা একই ধরনের পোশাক পরা আরেকজন যোগ দেয়। ওই সময় আলবদর, আল শামস বা রাজাকাররা ওই ধরনের পোশাক পরত বলে পরে জানতে পারেন সৈয়দ আনোয়ার।

“সামনে এবং পেছনে সশস্ত্র প্রহরায় স্যারকে হলের পেছন দিক থেকে সামনের দিকে নিয়ে যেতে শুরু করল। স্যার যখন ডাইনিং হলের পিছনের বারান্দায় উঠলেন, তখন সেখানে দাঁড়িয়ে ছিল হলের অবাঙালি, উর্দুভাষী দারোয়ান রহিম। ওই লোক দুটি রহিমের গামছাটি নিয়ে স্যারের দুটি চোখ বেঁধে উনাকে নিয়ে গেল। এই স্যারকে আমার শেষ দেখা।”

দারোয়ান রহিমই সশস্ত্র ব্যক্তিদের পাম্প হাউজের দিকে ইশারা করে উর্দুতে অধ্যাপক গিয়াসউদ্দীনের অবস্থান জানিয়ে দিয়েছিলেন বলে পরে জানতে পারেন সৈয়দ আনোয়ার।

তিনি আরো জানান, তার স্যারকে উঠিয়ে নিয়ে যাওয়ার পরে ভেতর থেকে হলের গেটের সামনে এসে জানতে পারেন যে তাকে একটি কাদামাখা মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে যাওয়া হয়।

তিনি আরো জানতে পারেন, অধ্যাপক গিয়াসউদ্দীনকে খুঁজতে অস্ত্রধারীরা দুইবার তার বাসায় গিয়েছিল, কিন্তু তাকে না পেয়ে পরেরবার তার মামাতো ভাই যিনি ওই বাসাতেই থাকতেন, তাকে বন্দুকের মুখে জিজ্ঞেস করে অধ্যাপকের অবস্থান জেনে নেয়। পরে ওই মামাতো ভাইকে সঙ্গে করে হলে নিয়ে আসেন।

“১৯৭১’র ১৪ ডিসেম্বর দুপুরে আমরা জানতে পারি, ওই মিনিবাসে করে সকালে শুধু গিয়াসউদ্দীন স্যারকেই নয়, তার সঙ্গে আরো অনেক শিক্ষককে ধরে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে সন্তোষ চন্দ্র ভট্টাচার্য ও ড. আবুল খায়েরও ছিলেন।”

এদের প্রত্যেকের লাশ পরে মিরপুর বধ্যভূমি থেকে উদ্ধার করা হয়।

অধ্যাপক গিয়াসউদ্দীন আহমেদের ভাগ্নী মাসুদা বানু রত্না এ মামলায় প্রসিকিউশনের প্রথম সাক্ষী হিসেবে গত ১৫ জুলাই সাক্ষ্য দেন। এরপর আরো চারজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।

চৌধুরী মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামানের বিরুদ্ধে গত ২৪ জুন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ গঠন হয়।

গত ২ মে দুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল ট্রাইব্যুনাল। দেশে না পাওয়ায় তাদের হাজির হতে দুটি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশও হয়েছিল।

বিজ্ঞপ্তি প্রকাশের পরও হাজির না হওয়ায় তাদের অনুপস্থিতিতেই বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল।