সালাউদ্দিন কাদেরের মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ
সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে, আগামী রোববার শুরু হবে যুক্তিতর্ক।
আসামি পক্ষের সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়।
সালাউদ্দিন কাদেরের পক্ষে শেষ সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন সাবেক রাষ্ট্রদূত আব্দুল মোমেন চৌধুরী। এরপর তাকে জেরা করেন প্রসিকিউটর জেয়াদ আল মালুম ও হায়দার আলী।
এরপর বিচারপতি এটিএম ফজলে কবীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল প্রসিকিউশনকে আগামী রোববার থেকে যুক্তিতর্ক উপস্থাপন শুরু করতে বলেছে।
প্রসিকিউশনের যুক্তিতর্ক শেষ হলে ৩১ জুলাই থেকে ৫ অগাস্ট পর্যন্ত যুক্তিতর্ক উপস্থাপন করবে আসামিপক্ষ। এরপরই মামলার কার্যক্রম সমাপ্ত ঘোষণা করে রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হবে।
এই মামলায় ২০১২ সালের ১৪ মে সাক্ষ্যগ্রহণ শুরুর পর প্রসিকিউশনের পক্ষে তদন্ত কর্মকর্তাসহ ৪১ জন সাক্ষ্য দেন।
সালাউদ্দিন কাদেরের পক্ষে পাঁচজন সাফাই সাক্ষীর তালিকা দেয়া হয়। এর মধ্যে আওয়ামী লীগ সভানেত্রীর বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং হাই কোর্টের বিচারক শামীম হাসনাইন সাক্ষ্য দিতে আসেননি।
তাদের হাজিরে বেঁধে দেয়া সময়ের শেষ দিন ছিল বুধবার। আসামিপক্ষ সাফাই সাক্ষী হাজির করতে কয়েক দফা ব্যর্থ হওয়ার পর ট্রাইব্যুনাল এক আদেশে তালিকভুক্ত বাকি দুই সাক্ষীকে আদালতে আনতে এ সময় বেঁধে দেয়।
আসামির আইনজীবী ব্যারিস্টার ফখরুল ইসলাম বুধবার ট্রাইব্যুনালকে জানান, বিদেশে অবস্থানরত সালমান আসতে পারছেন না।
সালমানের বদলে সাবেক কূটনীতিক আব্দুল মোমেনের নাম প্রস্তাব করলে আদালত তাকে হাজির করার আদেশ দেয়। এরপর সাক্ষ্য দেন পাকিস্তান আমলে ফরেন সার্ভিসে যোগ দেয়া মোমেন চৌধুরী।
‘নূতন চন্দ্রকে গুলি করেন সাকা চৌধুরী’
এই মামলায় সাফাই সাক্ষী হিসেবে এর আগে সাক্ষ্য দেন সালাউদ্দিন কাদের নিজে। এছাড়াও দেন তার কলেজ ও বিশ্ববিদ্যালয় জীবনের বন্ধু নিজাম আহমেদ এবং এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য ও তার খালাত ভাই কাইয়ুম রেজা চৌধুরী।
প্রসিকিউশনের পক্ষে সাক্ষ্য দেন বাংলা একাডেমীর সভাপতি ড. আনিসুজ্জামান, চট্টগ্রামের ব্যবসায়ী সলিমুল্লাহ, মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সিরু বাঙালি, একাত্তরে নিহত নূতন চন্দ্র সিংহের ভাতিজা গৌরাঙ্গ সিংহ ও পুত্র প্রফুল্ল রঞ্জন সিংহ, মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট নির্মল চন্দ্র শর্মা, আব্বাস উদ্দিন আহম্মেদ (আব্বাস চেয়ারম্যান), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) উপাচার্য মো. সালেহ উদ্দিন, ব্যবসায়ী পরাগ ধর (ক্যামেরা ট্রায়াল), মুক্তিযোদ্ধা কাজী নূরুল আফসার, মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ মোহাম্মদ মাহবুবুল আলম, অরুণাংশু বিমল চৌধুরী ও তার ভাতিজা আশীষ চৌধুরী, অধ্যক্ষ গোপাল চন্দ্র দাশ, সাংবাদিক নিজাম উদ্দীন আহমেদ, ফয়েজ আহমেদ সিদ্দিকী, একজন ক্ষতিগ্রস্ত নারী সাক্ষী (ক্যামেরা ট্রায়াল), শহীদ পরিবারের সদস্য দেবব্রত সরকার, বীর মুক্তিযোদ্ধা সংগীত শিল্পী সৈয়দ ওয়াহিদুল আলম জুনু, শহীদ পরিবারের সদস্য শেখ মোরশেদ আনোয়ার, বীর মুক্তিযোদ্ধা আবুল বশর, শহীদ পরিবারের সদস্য অনিল বরণ ধর, মুক্তিযোদ্ধা বনগোপাল দাশ, শহীদ পরিবারের সদস্য বাবুল চক্রবর্তী বুলবুল, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের চৌধুরী, মো. সোলায়মান, ডা. এ কে এম শফিউল্লাহ, শহীদ পুত্র পরিতোষ কুমার পালিত, শহীদ পরিবারের সদস্য সুবল চন্দ্র শর্মা, শহীদ পরিবারের সদস্য মো. নাজিম উদ্দিন, শহীদ পরিবারের সদস্য সুজিত মহাজন, শহীদের স্ত্রী বাসন্তি ঘোষ, মাহমুদ আলী, বিজয় কৃষ্ণ চৌধুরী, কামাল উদ্দিন এবং শহীদ পরিবারের সদস্য চপলা রাণী।
আর জব্দ তালিকার সাক্ষীরা হলেন- বাংলা একাডেমীর সহকারী গ্রন্থাগারিক এজাব উদ্দিন মিয়া, চট্টগ্রামের রাউজান থানার জিআরও এএসআই মো. এরশাদুল হক, সাবেক জিআরও এসআই মোল্লা আব্দুল হাই ও চট্টগ্রামের গণগ্রন্থাগারের বুক সর্টার কাওসার শেখ।
এছাড়া অন্য চার সাক্ষী মৃত জ্যোৎস্না পাল চৌধুরী, মৃত জানতি বালা চৌধুরী ও মৃত আবুল বশর এবং ভারতে থাকা বাদল বিশ্বাসের তদন্ত কর্মকর্তার কাছে দেয়া জবানবন্দিকেই সাক্ষ্য হিসেবে গ্রহণ করেছে ট্রাইব্যুনাল।
মানবতাবিরোধী অপরাধের ২৩টি অভিযোগে গতবছরের ৪ এপ্রিল অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই বিএনপি নেতার বিচার শুরু হয়।
হরতালে ভাংচুর-অগ্নিসংযোগের একটি মামলায় ২০১০ সালের ১৬ ডিসেম্বর গ্রেপ্তার করা হয় বিএনপির সংসদ সদস্য সালাউদ্দিন কাদেরকে। পরে ১৯ ডিসেম্বর তাকে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
