ঢাকা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে সালাহউদ্দিন কাদের চৌধুরী নিজেই নূতন চন্দ্র সিংহকে গুলি করেন বলে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন এক প্রত্যক্ষদর্শী।
মঙ্গলবার যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল ১ এ সাক্ষ্য দেওয়ার সময় কু-েশ্বরী বালিকা বিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ গোপাল চন্দ্র দাস বলেন, ১৯৭১ সালের ১৩ এপ্রিলের ওই পুরো ঘটনা তার চোখের সামনে ঘটেছিল।
সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে, একাত্তরের ১৩ এপ্রিল তিনি পাকিস্তানি সৈন্যদের সঙ্গে নিয়ে কু-েশ্বরীতে কু-েশ্বরী ঔষধালয় ও কু-েশ্বরী বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা নূতন চন্দ্রের বাসভবনে ঢুকে তাকে টেনে-হিঁচড়ে বের করে। তিনি তখন যন্ত্রণায় কাতরাচ্ছিলেন। তারাপর তাকে বাড়ির আঙ্গিনায় নিয়ে গুলি করা হয়।
রাষ্ট্রপক্ষের চতুর্দশ সাক্ষী ষাটোর্ধ্ব গোপাল চন্দ্র দাস ট্রাইব্যুনালকে জানান, ওই সময় তিনি পাশের একটি দোতলা ভবলে লুকিয়ে দেখেছিলেন সালাউদ্দিন কাদের চৌধুরী নূতন চন্দ্রের খুব কাছে গিয়ে হাতে থাকা অস্ত্র দিয়ে তাকে গুলি করেন। “তার হাতে রিভলভার ছিল না পিস্তল ছিল তা বোঝা যায়নি। তবে তিনি তিনবার গুলি করেছিলেন।
সাক্ষী বলেন, নূতন চন্দ্র সিংহের মৃত্যু সম্পর্কে নিশ্চিত হয়েই পাকিস্তানি সেনারা ও সালাউদ্দিন কাদের চৌধুরী সেখান থেকে চলে যান।
তিনি বলেন, ওই সময় নূতন চন্দ্রের দিকে ইঙ্গিত করে সালাউদ্দিন কাদের চৌধুরী বলেছিলেন যে তার বাবা ওই ব্যক্তিকে হত্যার আদেশ দিয়েছিলেন।
তার সাক্ষ্যের আগে জেরার সময় প্রসিকিউশন ও আসামি পক্ষের কৌঁসুলির মধ্যে কয়েক দফা তর্ক-বিতর্ক হয়।
আসামি পক্ষের কৌঁসুলি আহসানুল হক এই সাক্ষীকে সাজানো বলে আখ্যায়িত করেন। তিনি সাক্ষীকে উদ্দেশ্য করে বলেন, প্রকৃত গোপাল চন্দ্র দাস আসলে অনেক আগেই মারা গিয়েছিলেন। সাক্ষী তা অস্বীকার করলেও আসামি পক্ষের কৌঁসুলি ষষ্ঠ সাক্ষী নির্মল চন্দ্র সাহাকে ইঙ্গিত করে বলেন তিনি আদালতে এরকমই বলেছিলেন।
১৯৭০ সালের নির্বাচনে পাকিস্তান গণপরিষদের স্পিকার ও মুসলিম লীগ নেতা ফজলুল কাদেরকে চৌধুরীর বিপক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নেতৃত্বাধীন আওয়ামী লীগকে সমর্থন দিয়েছিলেন নূতন চন্দ্র সিংহ।
গত বছরের ১৪ নভেম্বর সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের আনুষ্ঠানিক অভিযোগ উত্থাপন করে প্রসিকিউশন। এর তিনদিন পর অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। ২০১০ সালের ২০ ডিসেম্বর একাত্তরে যুদ্ধাপরাধের মামলায় সালাউদ্দিন কাদের চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়। এর পাঁচ দিন আগে অন্য একটি মামলায় গ্রেপ্তার হন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এইচএএইচ/এসইউ/১৯১৫ ঘ.
bdnews24