২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে গ্রেনেড হামলায় সম্পূরক অভিযোগপত্র

সিলেট নগরীতে আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর গ্রেনেড হামলার মামলায় সম্পূরক অভিযোগপত্র দেয়া হয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2013, 04:48 PM

Updated : 23 Aug 2022, 11:14 AM

এতে হরকাতুল জিহাদের প্রধান মুফতি হান্নানসহ আটজনকে অভিযুক্ত করা হয়।

বুধবার সিলেটের মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সিনিয়র এএসপি রওনকুল হক চৌধুরী এ অভিযোগপত্র দাখিল করেন।

২০০৪ সালের ৭ অগাস্ট নগরীর গুলশান সেন্টারে গ্রেনেড হামলায় মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক ইব্রাহিম আলী প্রাণ হারান। আহত হন দলটির ১৮ নেতাকর্মী।

অল্পের জন্য রক্ষা পান সিলেট সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ।

সম্পূরক অভিযোগপত্রে অভিযুক্তরা হলেন: মুফতি আব্দুল হান্নান, মো. শরীফ শাহেদুল আলম ওরফে দীপু, হুমায়ুন কবির ওরফে হিমু, মুফতি মঈন উদ্দিন ওরফে আবু জান্দাল, মফিজুল ইসলাম ওরফে মহিবুল্লাহ, দেলওয়ার হোসেন রিপন, আব্দুল মাজেদ ভাট ও মো. তাজউদ্দিন।

এদের মধ্যে প্রথম ছয়জন আগের অভিযোগপত্রে ছিলেন। শেষ দুজনের নাম নতুন অন্তর্ভুক্ত করা হয়।

২০০৮ সালের ২০ সেপ্টেম্বর সিআইডির পরিদর্শক জুবের আহমদ প্রথম এ মামলার অভিযোগপত্র দেন।

এতে মুফতি হান্নানসহ ছয় জনকে অভিযুক্ত করা হয়।

এরপর রাষ্ট্রপক্ষ মামলাটির পুনঃতদন্তেরর দাবি জানায়।

সিলেটের পাবলিক প্রসিকিউটর ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতে এ আবেদন করেন।

আদালত ২০১১ সালের ২ অগাস্ট মামলাটি পুনঃতদন্তের নির্দেশ দেন।