ডিসি সম্মেলন মঙ্গলবার শুরু
তিন দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন শুরু হচ্ছে মঙ্গলবার। এতে ২০টি কার্য-অধিবেশনে ২৪২টি প্রস্তাবের ওপর আলোচনা হবে।
মঙ্গলবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারের শেষ জেলা প্রশাসক সম্মেলন উদ্বোধন করবেন। সচিবালয়ে মন্ত্রিসভা সম্মেলন কক্ষে হবে বিভিন্ন অধিবেশন।
মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইয়া সোমবার সচিবালয়ের এক সংবাদ সম্মেলনে বলেন, এবার ২৪২টি প্রস্তাবের ওপর সম্মেলনে আলোচনা হবে। বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকরা এসব প্রস্তাব করেছেন।
সম্মেলনে মন্ত্রী, উপদেষ্টা, প্রতিমন্ত্রী, জ্যেষ্ঠ সচিব, সচিব ছাড়াও কয়েকটি সংস্থার প্রধানরা উপস্থিত থাকবেন। জ্যেষ্ঠ মন্ত্রীরা এতে সভাপতিত্ব করবেন।
এবার জেলা প্রশাসক সম্মেলনে ভূমি ব্যবস্থাপনা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো শক্তিশালীকরণ, দুর্গ ব্যবস্থাপনা, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম, স্থানীয় পর্যায়ে কর্ম-সৃজন ও দারিদ্র্য বিমোচন কর্মসূচি, সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার এবং ই-গভর্নেন্স, শিক্ষার মান ও শিক্ষার হার বৃদ্ধি, স্বাস্থ্য সেবা ও পরিবার কল্যাণ, পরিবেশ সংরক্ষরণ দূষণ ও রোধ এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।
তিনি বলেন, অন্যবারের চেয়ে এবার আলোচ্যসূচি কিছুটা কম। কারণ গত চার বছরে অনেক বিষয় আলোচনার পর বাস্তবায়ন হয়ে গেছে।
সম্মেলনে ২০টি কার্য-অধিবেশনের বাইরে উদ্বোধন অনুষ্ঠান, রাষ্ট্রপতির সঙ্গে জেলা প্রশাসকদের সৌজন্য সাক্ষাৎ, প্রধানমন্ত্রীর সঙ্গে একান্তে আলোচনা ছাড়াও একটি সমাপনী অধিবেশন থাকবে বলে জানান মোশাররাফ হোসাইন।
মন্ত্রিপরিষদ সচিব জানান, ভ্রাম্যমাণ আদালতকে কার্যকর করতে জেলা প্রশাসকদের পক্ষ থেকে কিছু প্রস্তাব এসেছে।
“তবে মন্ত্রিপরিষদ চাইলেই তা হবে না। তা করতে হলে আইন সংশোধন করতে হবে। আর সুপ্রিম কোর্টের সম্মতি ছাড়াও এটা সম্ভব না।”
নির্বাচনকে সামনে রেখে এই জেলা প্রশাসক সম্মেলন হচ্ছে- কয়েকটি পত্রিকার এই ধরনের সংবাদ প্রকাশ প্রসঙ্গে মোশাররাফ হোসাইন বলেন, “নির্বাচন কমিশন যে অনুশাসন দেয়, আমরা সেভাবেই নির্বাচনের সময় কাজ করি।”
গত বছরের জেলা প্রশাসক সম্মেলনের ৫৩৩টি সিদ্ধান্তের মধ্যে ৪৮৬টি সিদ্ধান্ত বাস্তবায়িত/নিষ্পন্ন হয়েছে জানিয়ে তিনি বলেন, ৯১ দশমিক ১৮ শতাংশ সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে।
এর মধ্যে ১৩০টি স্বল্প মেয়াদী সিদ্ধান্তের মধ্যে ১২৯টি বাস্তবায়িত হয়েছে। মধ্যমেয়াদী ১৭২টি সিদ্ধান্তের মধ্যে ১৬১টি এবং দীর্ঘ মেয়াদী ২৩১টি সিদ্ধান্তের মধ্যে ১৯৬টি সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে বলে জানান তিনি।
