২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বড় ভাইয়ের কোপে দুই ভাই খুন

সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে চট্টগ্রামের রাউজানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ছোট দুই ভাইকে হত্যা করেছে আবুল কালাম আজাদ নামে এক ব্যক্তি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2013, 03:31 PM

Updated : 25 Apr 2022, 07:01 PM

নিহতরা হলেন- আবু সুফিয়ান আজাদ (৪৮) ও আবু মোর্শেদ আজাদ (৩৫)।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে রাউজান উপজেলার সুলতানপুর গ্রামের দিদার মঞ্জিল এলাকার কাজী বাড়িতে এ হত্যাকাণ্ড ঘটে বলে রাউজান থানার ওসি এনামুল হক জানান।

ঘটনার পর থেকে বড় ভাই আবুল কালাম পলাতক রয়েছেন। তারা ওই এলাকার মৃত আবদুল মালেকের ছেলে।

ওসি এনামুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পারিবারিক দ্বন্দ্বের জের ধরে সকালে বড়ভাই আবুল কালাম তার ছোট দুই ভাইকে কিরিচ দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করেন।

আহতদের প্রথমে রাউজান স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাদের মৃত্যু হয়।

পলাতক আবুল কালামকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান ওসি।

নিহতদের আরেক ভাই আবু মাসুদ আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের বাড়ির পাশের কবরস্থানের রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে বড় ভাই আজাদের সঙ্গে অন্যদের বিরোধ চলছিল।

“সকালে ঘটনার সময় আমি শহরে অবস্থান করছিলাম। মেজো ভাবি ফোন করে আমাকে এ ঘটনা জানান।”

ছয় ভাই ও পাঁচ বোনের মধ্যে আবুল কালাম সবার বড়। নিহত সুফিয়ান দ্বিতীয় এবং মোর্শেদ সবার ছোট বলে জানান তিনি।

এ ঘটনায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।