পুরান ঢাকায় ছিনতাইকারীর গুলিতে আহত ২
পুরান ঢাকার লালবাগে ছিনতাইকারীর গুলিতে দুই ব্যক্তি আহত হয়েছেন।
শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে লালবাগ ছাতা মসজিদের কাছে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন আবদুল মতিন (৪২) ও হাজী মো. শফিক (৫৫)।
মতিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের জানান, রিকশাযোগে চকবাজার থেকে লালবাগের নিজ বাসায় ফিরছিলেন।
ছাতা মসজিদের কাছে দুটি মোটর সাইকেল ছড়ে চার ছিনতাইকারী তার রিকশার গতিরোধ করে প্রথমে তার হাতে চাপাতি দিয়ে কোপায়। পরে গুলি ছুড়ে তার সঙ্গে থাকা ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
যাওয়ার সময ছিনতাইকারীরা এলোপাতাড়ি গুলি করে বলেও জানান তিনি।
তার ব্যাগে সাড়ে তিন লাখ টাকা ছিল বলে মতিন দাবি করেন।
ছিনাতাইকারীদের এলোপাতাড়ি গুলিতে মো. শফিক (৫৫) নামে এক পথচারীও আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢামেক ফাঁড়ি পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক জানিয়েছেন, শফিকের মাথায় গুলি লেগেছে। তবে তিনি আশঙ্কামুক্ত।
ব্যাগে টাকা থাকার কথা জানালেও লালবাগ থানার ওসি নুরুল মোত্তাকিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মতিনের ব্যাগে তেমন কোন টাকা ছিল না বলে মতিন পুলিশকে জানিয়েছেন।”
মতিন চকবাজার এলাকায় দোকানে দোকানে ঘুরে কসমেটিকস বেচা-কেনা করতেন।
