জনগণ এখন হিসাব কষছে: ওবায়দুল কাদের
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রতিশ্রুতির বিপরীতে কী প্রাপ্তি ঘটেছে, ভোটের আগে তার বিচার বিশ্লেষণই জনগণ করছে।
আগামী নির্বাচনে উৎরাতে তাই মহাজোটের নির্বাচনী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের ওপরই জোর দিতে চান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য।
ওবায়দুল কাদের বলেন, “মানুষ এখন নতুন নতুন কথা শুনতে চায় না। প্রতিশ্রুতির রঙিন বেলুন দেখতে চায় না। এখন দেখতে চায় পূর্ব প্রদত্ত প্রতিশ্রুতির সঙ্গে প্রাপ্তির যে হিসেব, তা ঠিক আছে কি না।
“সে হিসেবের মিল এবং গড়মিল মানুষ এখন বিচার বিশ্লেষণ করছে। এখন নতুন কোনো প্রতিশ্রুতি দিয়ে লাভ নেই। প্রতিশ্রুতির বাস্তবায়ন যতটা করা যায়, সেটাই আমরা করব।”
সকালে মহাসড়ক পরিদর্শনে গাজীপুরের চান্দনায় গিয়ে ওবায়দুল কাদের সাংবাদিকদের একথা বলেন।
নির্বাচনের বিষয়ে তিনি বলেন, “এখন দেশে মাতাল হাওয়া বইছে। এ হাওয়া যে কখন কোন দিকে বইবে সে বিষয়ে মন্তব্য করা খুব কঠিন।”
সড়কে শৃঙ্খলা পুরোপুরি বজায় না থাকলেও অবস্থা এখন আগের চেয়ে ভালো বলে দাবি করেন যোগাযোগমন্ত্রী।
মহাসড়কের পাশে অবৈধ দখল উচ্ছেদে সংশ্লিষ্টদের আরো সক্রিয় হতে বলেন তিনি। সেইসঙ্গে তিনি স্বীকার করেন, এক্ষেত্রে রাজনৈতিক মহলের সহযোগিতা প্রয়োজন।
“নির্বাচনের বছর, ভোটের রাজনীতি,,, জনপ্রতিনিধিরা এখানে অধিকার প্রয়োগ করতে চান না। রাস্তা দখল করে বসে আছে। এখান থেকে সরিয়ে দিলে হয়ত ভোট কমে যাবে এ আশঙ্কায়।”
“তবে আমি মনে করি ওই সব উচ্ছেদ করলে ভোট যতটা কমবে, তার চেয়ে ভোট আরো বেশি বাড়বে। এ বিষয়টি আমাদের জনপ্রতিনিধিরা বুঝতে পারছেন না।”
মানুষের ঈদযাত্রার ভোগান্তি কমাতে নিজের এবং মন্ত্রণালয়ের তৎপরতার কথাও তুলে ধরেন ওবায়দুল কাদের।
গাজীপুর থেকে তিনি ময়মনসিংহের ভালুকার উদ্দেশে রওনা হন।
