নিউ ইয়র্কের ইফতারে ১২ রকম জিলাপি
নিউ ইয়র্কে ইফতারের সম্ভারে স্থান নিয়েছে ১২ ধরনের জিলাপি। অন্য সব কিছুর মধ্যে এর কদরও বেশি দেখা যাচ্ছে।
রাজ্যের বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসের রেস্তোরাঁগুলোর মালিকদের সঙ্গে কথা বলে জানা যায়, দৈনিক গড়ে ৩ হাজার পাউন্ড জিলাপি বিক্রি হচ্ছে। প্রতি পাউন্ডের দাম ৬ ডলার।
জিলিপের পাশাপাশি হালিমও বিক্রি হচ্ছে বেশ। এক বাটি হালিমের দাম নেয়া হচ্ছে ৬ থেকে ৮ ডলার।
বাংলাদেশি মালিকানাধীন রেস্তোরাঁগুলোতে ১৫ থেকে ২০ ধরনের খাবারের ইফতারি বক্সের গড় দাম ৮ ডলার।
সবচেয়ে বেশি ইফতার বিক্রি হচ্ছে প্রিমিয়াম স্যুইটসে। এখানেই ১২ রকমের জিলাপি এবং ৪ রকমের হালিম সব বয়েসি রোজাদারের দৃষ্টি কেড়েছে। চিনি, ঘি, গুড়, তিল, নারিকেল, কলা, পেস্তা বাদাম, খেজুর গুড়, চকলেট ও পনিরের তৈরি বিভিন্ন স্বাদের জিলাপি এই দোকানে পাচ্ছেন ক্রেতারা।
প্রিমিয়াম স্যুইটের ব্যবস্থাপক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের দোকানে সবচেয়ে বেশি ২ হাজার পাউন্ড জিলাপি বিক্রি হয় রোববার। অন্যদিন বিক্রি হয় দেড় হাজার পাউন্ড করে।
সাগর চায়নিজ, খাবার বাড়ি, হাটবাজার, ফুডকোর্ট, আলাউদ্দিন, সুগন্ধা, ক্যাফে তাজ এসব রেস্তোরাঁর ইফতারিও পছন্দ করছেন ক্রেতারা।
ভারত, পাকিস্তান, আফগান, তুরস্ক, ইয়েমেনের রেস্তোরাঁগুলোতে ইফতার তৈরি হলেও বাংলাদেশি খাবারের দোকানগুলোর তুলনায় বৈচিত্র্য কম।
ইফতারির সময় প্রতিদিন সবার মিলনমেলায় পরিণত হয় ব্রুকলিনের চার্চ-ম্যাকডোনাল্ড, ওজনপার্ক, কুইন্সের এস্টোরিয়া, জ্যামাইকা, ব্রঙ্কসের পার্কচেস্টার এলাকা। বিভিন্ন সংগঠনও প্রতিদিন আয়োজন করছে ইফতার অনুষ্ঠান।
