২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াতের দাবি হত্যা, শিবির বলছে দুর্ঘটনা

বগুড়ায় ইসলামী ছাত্র শিবিরের এক কর্মী ছাত্রলীগ ও যুবলীগের হামলায় নিহত হয়েছে বলে জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও দাবি করা হলেও স্থানীয় শিবির ও পুলিশ বলছে, দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।

জিয়া শাহীন

বগুড়া থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2013, 11:20 PM

Updated : 25 Apr 2022, 07:00 PM

নিহত জাহিদুর রহমান বগুড়া সরকারি আজিজুল হক কলেজের ভূগোল বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র বলে জানিয়েছেন বগুড়ার পুলিশ সুপার মোজাম্মেল হক।

সে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের বৃদ্দিগ্রামের খোকন মিয়ার ছেলে বলে জানিয়েছেন পাঁচবিবি থানার ওসি নূর হোসেন।

বৃহস্পতিবার এক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল হোসেন বলেন, “রমজান মাসের পবিত্রতা ও ধর্মীয় পরিবেশকে বিঘ্নিত করে আজ বগুড়া ও পাবনায় দুইজন নেতা-কর্মীকে হত্যা করা হয়েছে। বগুড়ায় শিবির নেতা জাহিদুর রহমান ও পাবনার সাঁথিয়া উপজেলায় জামায়াতকর্মী আবু সাঈদকে ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীরা অত্যন্ত নির্মমভাবে হত্যা করে।”

তবে ছাত্রলীগে-যুবলীগের হামলায় জাহিদুরের মৃত্যুর সংবাদকে ‘মিথ্যাচার’ হিসেবে আখ্যায়িত করেছেন শিবিরের বগুড়া শহর শাখার প্রচার সম্পাদক মিজানুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, শিবির সমর্থক জাহিদুর রহমান শহরের বনানী এলাকায় সড়ক দুর্ঘটনায় মারা গেছে।

মিজানুর বলেন, “অনেকেই জাহিদুর রহমানের মৃত্যুর বিষয়ে আমাকে ফোন দিয়েছিল। তবে সত্য ঘটনা হলো, জাহিদুর মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছে একথা সবাইকে বলেছি। মিথ্যাচার আমরা করি না।”

এবিষয়ে পুলিশ সুপার মোজাম্মেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কিছু উড়ো সংবাদের কারণে খোঁজ নিয়ে আমি পাঁচবিবিতে জাহিদুরের পরিবারের সঙ্গে কথা বলেছি। তারা বলেছে, জাহিদুর ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মারা গেছে।”

পাঁচবিবি থানার ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত জাহিদুরের লাশ দাফন করেছে তার পরিবার।