হরতাল চলছে ঢিলেঢালাভাবে
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের বিচারের বিরোধিতায় জামায়াতে ইসলামীর টানা চতুর্থদিনের হরতাল চলছে ঢিলেঢালাভাবে।
আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায়ের প্রতিবাদে বৃহস্পতিবার সারা দেশে সকাল-সন্ধ্যা এই হরতাল ডেকেছে তার দল জামায়াত। রাজধানীতে সকাল থেকে বৃষ্টির মধ্যে কোথাও কোনো পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি।
সকাল থেকে গত তিন দিনের তুলনায় বেশি যানবাহন চলতে দেখা গেছে রাজধানীর সড়কগুলোতে। গণপরিবহনের সঙ্গে ব্যক্তিগত গাড়িও রাস্তায় নেমেছে উল্লেখযোগ্য সংখ্যায়।
হরতালে রেল ও লঞ্চ চলাচল স্বাভাবিক থাকলেও গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে সকালে দূর পাল্লার বাস ছেড়ে যায়নি।
জামায়াতের সাবেক আমির এবং একাত্তরের যুদ্ধাপরাধের ‘মূল হোতা’ গোলাম আযমের রায়কে কেন্দ্র করে গত সোম ও মঙ্গলবার হরতাল করে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী দলটি। আর সেক্রেটারি জেনারেল মুজাহিদের রায়ের দিন বুধবার হরতাল করার পর মৃত্যুদণ্ডের আদেশ প্রত্যাখ্যান করে বৃহস্পতিবারও একই কর্মসূচি দেয় জামায়াত।
দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এক বিবৃতিতে বলেন, জামায়াতকে ‘নেতৃত্বশূন্য’ করার জন্য ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ মামলায় ‘সরকার নির্দেশিত’ ছকে মুজাহিদের ফাঁসির রায় দিয়েছে ট্রাইব্যুনাল।
“মুজাহিদকে হত্যার সরকারি ষড়যন্ত্রের প্রতিবাদে আগামীকাল ১৮ জুলাই বৃহস্পতিবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল পালনের কর্মসূচি ঘোষণা করছি।”
অপহরণ, নিযার্তন ও হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের সাতটি অভিযোগের মধ্যে পাঁচটি প্রমাণিত হওয়ায় মুজাহিদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
মুক্তিযুদ্ধের সময় মুজাহিদ পাকিস্তানি বাহিনীকে সহযোগিতা করতে গঠিত আলবদর বাহিনীর কমান্ডার ছিলেন এবং ওই বাহিনীর ওপর তার ‘কার্যকর নিয়ন্ত্রণ’ ছিল বলেও উল্লেখ করা হয় রায়ে।
ট্রাইব্যুনালের ছয়টি রায়ের মধ্যে প্রথমটি ছাড়া সবগুলো রায়ের দিনই বিচার ঠেকানোর শপথ নিয়ে সারা দেশে হরতাল করে সহিংসতা চালায় জামায়াতে ইসলামী। রায় প্রত্যাখ্যান করে এর পরদিনও হরতাল করে দলটি।
বুধবার মুজাহিদের রায়ের ভূমিকায় ট্রাইব্যুনাল-২ এর প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, হরতাল, ভাংচুর বা প্রত্যাখ্যান করে রায় বদলানো যায় না। রায় প্রত্যাখ্যান করে বক্তব্য দেয়া আদালত অবমাননার শামিল।
ভবিষ্যতে আর রায়ের দিন হরতাল দেয়া হবে না এবং রায় প্রত্যাখ্যান করা হবে না বলেও তিনি আশা প্রকাশ করেন।
