২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় বোমাহামলা-গাড়িতে আগুন

আলী আহসান মো. মুজাহিদের ফাঁসির রায়ে জামায়াতে ইসলামীর ক্ষুব্ধ প্রতিক্রিয়ার মধ্যে রাজধানীর বিভিন্ন স্থানে কয়েকটি গাড়িতে আগুন দেয়া হয়েছে, সেই সঙ্গে ঘটানো হয়েছে হাতবোমার বিস্ফোরণও।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2013, 03:27 PM

Updated : 25 Apr 2022, 07:00 PM

দলের সেক্রেটারি জেনারেলের রায়ের দিন বুধবার সারাদেশে হরতাল ডেকেছে জামায়াত, রায় প্রত্যাখ্যান করে বৃহস্পতিবারও হরতাল ডেকেছে দলটি।

বুধবার রাতে বাংলা মোটরে পুলিশ বক্সে বোমা হামলা চালানো হয়। এর আগে সন্ধ্যায় মহাখালীতে একটি পিকআপ ভ্যান এবং মাতুয়াইলে একটি গাড়িতে আগুন ধরানো হয়।

বাংলা মোটরে রাত সাড়ে ৮টার দিকে ১০/১২ জন যুবক হরতালের স্লোগান দিয়ে পুলিশ বক্স লক্ষ্য করে তিনটি হাতবোমার বিস্ফোরণ ঘটায় বলে রমনা থানার ওসি মশিউর রহমান জানিয়েছেন।

তিনি বলেন, পুলিশ বক্স লক্ষ্য করে ইটও ছোড়া হয়।

বিস্ফোরণ ও ইটের আঘাতে পুলিশ বক্সটি ক্ষতিগ্রস্ত হয় এবং একজন আনসার সদস্য আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, হামলাকারীরা বাংলা মোটরের পশ্চিমদিক থেকে এসে অতর্কিত এই হামলা চালিয়ে দ্রুত চলে যায়।

পৌনে ৮টার দিকে মহাথালীর ওয়্যারলেস এলাকায় একটি পিকআপ ভ্যানে আগুন ধরানো হয়।

পিকআপ চালক সোহাগ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কন্টিনেন্টাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে চাল ও ডালের চালান আনলোড করার সময় দুই জন মোটর সাইকেলে করে এসে কয়েকটি বোমা ফাটায়। এতে পিকআপে আগুন ধরে যায়।”

ওই এলাকার বিক্রমপুর সুইটসের ব্যবস্থাপক মো. মিজান বলেন, “প্রায় পৌনে ৮টার সময় হঠাৎ করে কয়েকটি বিস্ফোরণের শব্দ শুনে বাহিরে এসে দেখি পিকআপটি দাউ দাউ করে জ্বলছে।”

অন্তত ৫/৭টি বিস্ফোরণের শব্দ শুনেছেন বলে তিনি জানান তিনি।

বনানী থানার উপপরিদর্শক হারুন অর রশিদ বলেন, পুলিশ পৌঁছার আগেই দুর্বৃত্তরা মোটর সাইকেলে পালিয়ে যায়।

সন্ধ্যায় মাতুয়াইলে মা ও শিশু স্বাস্থ্য হাসপাতালের সামনে একটি গাড়িতে আগুন দেয়া হয়।

ঝিনাইদহে দুই ট্রাকে আগুন

টানা তৃতীয় হরতালের আগের রাতে ঝিনাইদহে দুটি ট্রাকে আগুন দিয়েছে জামায়াত-শিবিরকর্মীরা।

বুধবার রাত ১১টার দিকে শহরের বাইপাস সড়কে ট্রাক দুটিতে পেট্রোল ঢেলে আগুন ধরানো হয় বলে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসানুজ্জামান জানিয়েছেন।

তিনি বলেন, বিকল হয়ে পড়া একটি ট্রাককে টেনে অন্য ট্রাকটি নিয়ে যাচ্ছিল। বাইপাস রোডে দুটি ট্রাককে আটকে আগুন ধরিয়ে দেয় জামায়াত-শিবির কর্মীরা।