মুজাহিদের রায়ে সন্তোষ জানিয়ে চট্টগ্রামে মিছিল
যুদ্ধাপরাধী আলী আহসান মো. মুজাহিদের ফাঁসির রায়কে স্বাগত জানিয়ে চট্টগ্রামে আনন্দ মিছিল করেছে গণজাগরণ মঞ্চ।
বুধবার সকাল থেকেই চট্টগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গনে গণজাগরণ মঞ্চে সমবেত হতে শুরু করে কর্মী-সমর্থকরা।
দুপুরে রায় ঘোষণার পর পর গণজাগরণ মঞ্চ আনন্দ মিছিল বের করে। মিছিলটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
শহীদ মিনারে ফুল দিয়ে স্বাধীনতা সংগ্রামে শহীদদের স্মরণ করেন গণজাগরণ মঞ্চের সংগঠকরা।
এরপর সেখানে সমাবেশে বক্তব্য রাখেন গণজাগরণ মঞ্চ চট্টগ্রামের সমন্বয়ক ও সাম্প্রদায়িকতা বিরোধী তরুণ উদ্যোগের আহ্বায়ক শরীফ চৌহান।
শরীফ চৌহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত পরশু গোলাম আযমের রায়ের পর জাতির হৃদয়ে যে রক্তক্ষরণ হয়েছিল, আজকের রায়ে তা কিছুটা হলেও প্রশমিত হয়েছে।”
সমাবেশে উপস্থিত ছিলেন নারী নেত্রী নূরজাহান খান, গণজাগরণ মঞ্চ চট্টগ্রামের সদস্য সচিব ডা. চন্দন দাশ, আবৃত্তি শিল্পী রাশেদ হাসান।
ছাত্র ইউনিয়ন, ছাত্রমৈত্রী, ছাত্রফ্রণ্ট, যুবমৈত্রী, উদীচী শিল্পী গোষ্ঠীসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সমাবেশে।
