নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু
নারায়ণগঞ্জ সদর উপজেলায় গভীর নলকূপ বসানোর সময় বিদ্যুতের তারে জড়িয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ সময় অগ্নিদগ্ধ হয়েছে আরো পাঁচজন।
রোববার সকালে ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহতরা হলেন- ঠিকাদার আব্দুস সালাম ও শ্রমিক আলম ওরফে কাজল।
আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, সকাল ১১টার দিকে ধর্মগঞ্জ এলাকার ডা. মুসলেহউদ্দিনের বাড়িতে গভীর নলকূপ বসানোর সময় লোহার পাইপ বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে গেলে বিকট শব্দে বিস্ফোরণ হয়। ঘটনাস্থলেই ঠিকাদার আব্দুস সালাম ও শ্রমিক আলম মারা যায়। দগ্ধ হয় আরো ৫ শ্রমিক।
তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
