গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ
মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরে কয়েকহাজার পোশাক শ্রমিক সড়ক অবরোধ করেছে।
এ সময় বাধা দেয়ায় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষে পুলিশসহ অর্ধশতাধিক আহত হয়েছে।
শনিবার পানিশাইল এলাকায় এ অবরোধ ও সংঘর্ষে অন্তত সাতটি পোশাক কারখানার শ্রমিক অংশ নেয়।
এ ঘটনার পর অনুপম সোয়েটার, ক্রিয়েটিভ শার্ট, ডরিন গার্মেন্ট, তুরাগ গার্মেন্ট, নর্দার্ন সোয়েটারসহ আশপাশের ৮/১০টি পোশাক কারখানায় শনিবারের জন্য ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
পুলিশ জানায়, সংঘর্ষ চলাকালে শ্রমিকরা কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করে ভাংচুর চালিয়েছে।
গুরুতর আহত শিল্প পুলিশের এক সদস্যকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৯টার দিকে মাছিহাতা সোয়েটার কারখানার কয়েকহাজার শ্রমিক আশপাশের বিভিন্ন কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করে গ্লাস ভাংচুর করে।
পরে ওইসব কারখানার শ্রমিকদের ডেকে নিয়ে সকাল সাড়ে ১০টার দিকে তারা কালিয়াকৈর-নবীনগর সড়ক অবরোধ করে।
এ সময় সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিতে চাইলে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ শুরু হয়।
গাজীপুর শিল্প পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহ মোহাম্মদ জানান, অন্তত সাতটি পোশাক কারখানার ১২ হাজার শ্রমিক সড়ক অবরোধ করে পুলিশকে লক্ষ্য করে বৃষ্টির মতো ইটপাটকেল নিক্ষেপ করে।
শ্রমিকদের প্রতিহত করতে প্রথমে কয়েকরাউন্ড টিয়ারশেল ও পরে রাবার বুলেট নিক্ষেপ করা হয়।
দুপুর সাড়ে ১২টার দিকে শিল্প পুলিশ, গাজীপুর জেলা পুলিশ ও চক্রবর্তী ফাঁড়ির পুলিশ সদস্যরা একযোগে অ্যাকশনে গেলে শ্রমিকেরা রাস্তা ছেড়ে পালিয়ে যায়।
বেলা ১টার দিকে সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়।
এএসআই শাহ মোহাম্মদ বলেন, শ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপে শিল্প পুলিশের সদস্য আবু সালেহ (২২) ও ফারুক হোসেনসহ (২৭) অন্তত ১২ পুলিশ সদস্য আহত হন।
আবু সালেহকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পরিদর্শক মো. শওকত কবির জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ৯০ রাউন্ড শটগানের গুলি ও ৭০ রাউন্ড টিয়ার সেল ছুঁড়তে হয়েছে।
সংঘর্ষ চলাকালে রাস্তায় যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
মাছিহাতা সোয়েটার কারখানার নাম প্রকাশে অনিচ্ছুক শ্রমিকরা জানান, তারা গত তিন সপ্তাহ আগে থেকে উৎপাদিত পণ্যের মজুরি বাড়ানোর দাবি জানিয়ে আসছেন। কর্তৃপক্ষ তাদের দাবি না মেনে ভাড়াটিয়া লোক দিয়ে শ্রমিকদের চাকরিচ্যুতি ও হামলার হুমকি দেয়।
এ নিয়ে বৃহস্পতিবার (১১ জুলাই) তাদের কারখানার এক কর্মকর্তার সঙ্গে বাকবিতণ্ডা হয়। এসময় উত্তেজিত শ্রমিকেরা এক কর্মকর্তাকে লাঞ্ছিত করে। কারখানা কর্তৃপক্ষের লোকজনও এক শ্রমিককে মারধর করে।
এ ঘটনার পর বৃহস্পতিবার কর্তৃপক্ষ কারখানা বন্ধ ঘোষণা করে।
