নেত্রকোনায় আওয়ামী লীগ নেতা ছুরিকাহত
নেত্রকোনার মদনে আওয়ামী লীগের এক নেতাকে তার ঘরে ঢুকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা।
গুরুতর আহত আসাদুজ্জামান কাছুকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান কাইটাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।
মদন থানার এসআই স্বপন কুমার সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার ভোর সাড়ে ৪টার দিকে ঘরের জানালা ভেঙে ৫/৬ জন দুর্বৃত্ত ঘরে ঢুকে আসাদুজ্জামানকে ছুরিকাঘাত করে।
আওয়ামী লীগ নেতাকে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালানো হয় বলে পুলিশের ধারণা।
আসাদুজ্জামানকে প্রথমে মদন উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হয়।
স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক আসলাম আল রাজি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আসাদুজ্জামানের পিঠের ডান দিকে ছুরির জখম রয়েছে।
রক্তক্ষরণ বেশি হওয়ায় সকাল সাড়ে ৮টার দিকে তাকে ময়মনসিংহে পাঠানো হয়।
আসাদুজ্জামানের ওপর হামলার পর থেকে এলাকায় উত্তেজনা চলছে।
