আদিবাসীদের অধিকার প্রয়োগের সীমাবদ্ধতা রয়েছে: মেনন
সাংবিধানে আদিবাসীদের অধিকার স্বীকৃত হলেও তার প্রয়োগে সীমাবদ্ধতা রয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন।
এখনো আদিবাসীদের ভূমি থেকে উচ্ছেদ করা হচ্ছে হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, “আদিবাসীদের বাদ দিয়ে জাতীয় অগ্রগতি সম্ভব নয়।”
মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে ‘বাংলাদেশ আদিবাসী অধিকার আইন’ নিয়ে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন মেনন।
মহাজোটের শরিক ওর্য়াকার্স পার্টির সভাপতি বলেন, আদিবাসীদের অধিকার সংরক্ষণের জন্য এই আইন আনা হচ্ছে।
২৪ সংসদ সদস্যকে নিয়ে গঠিত ‘আদিবাসী বিষয়ক সংসদীয় ককাস’ আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিমান ও পর্যটন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মঈনউদ্দীন খান বাদল।
সভাপতির বক্তব্যে জাসদের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি বাদল বলেন, দেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর মনে রাখা উচিত সংখ্যালঘু আদিবাসীদের গণতান্ত্রিক, সাংস্কৃতিক ও ভূমির অধিকার নিশ্চিত করতে না পারলে এদেশে প্রকৃত গণতন্ত্র হবে না।
আলোচনায় অংশ নিয়ে কবি ও সাংবাদিক আবুল মোমেন বলেন, আদিবাসীদের সংকট কাটাতে আমরা আইন-কমিশন করেও বেশিদূর এগুতে পারছি না।
অনুষ্ঠানে বাংলাদেশ আদিবাসী অধিকার আইনের খসড়া উপস্থাপন করেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য গৌতম কুমার চাকমা।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আদিবাসী বিষয়ক সংসদীয় ককাসের সমন্বয়কারী অধ্যাপক মেজবাহ কামল, আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং এবং জনসংহতি সমিতির তথ্য ও প্রচার সম্পাদক মঙ্গল কুমার চাকমা।
মুক্ত আলোচনায় অংশ নেন কমিউনিস্ট পার্টির চট্টগ্রাম জেলা সভাপতি মৃণাল চৌধুরী, জাসদের কেন্দ্রীয় নেতা ইন্দু নন্দন দত্ত ও প্রকৌশীল দেলোয়ার মজুমদার।
