মৃত দুই ব্যক্তির জবানবন্দি আলীমের বিরুদ্ধে সাক্ষ্য হিসেবে গ্রহণ
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত আব্দুল আলিমের বিরুদ্ধে মামলায় তদন্ত কর্মকর্তার কাছে দেয়া দুই মৃত ব্যক্তির জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণ করা হয়েছে।
মামলায় তদন্ত কর্মকর্তার কাছে নয়জনের দেয়া জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণ করার জন্য প্রসিকিউটর রানা দাশগুপ্তের এক আবেদনে মঙ্গলবার এ আদেশ দেয় বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
যাদের জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণ হচ্ছে, তারা হলেন- দুলু তালুকদার ও আকাম উদ্দিন সরদার।
শুনানিতে প্রসিকিউটর রানা দাশগুপ্ত বলেন, তদন্ত কর্মকর্তা এজেডএম আলতাফুর রহমানের কাছে জবানবন্দি দেয়া এ নয়জন সাক্ষীর মধ্যে দুজন মৃত, দুজন অসুস্থ, একজন চিকিৎসার জন্য ভারতে অবস্থান করছেন এবং বাকি চারজন নিঁখোজ রয়েছেন।তাই তাদের আদালতে হাজির করা সম্ভবপর নয়।
আসামি পক্ষের আইনজীবী তারিকুল ইসলাম এর বিরোধিতা করে বলেন, উল্লেখিত কারো জবানবন্দিই সাক্ষ্য হিসেবে নেয়া যাবে না, কারণ ওই দুই ব্যক্তি তদন্তের সময়ই মারা যান। বাকি যাদের কথা বলা হচ্ছে তাদের কারো বক্তব্যই সঠিক নয়।
একাত্তরে মুসলিম লীগের নেতা এবং পরবর্তীকালে জিয়াউর রহমান আমলের মন্ত্রী আলীমের বিরুদ্ধে ট্রাইব্যুনালে মোট ৩৪ জন সাক্ষ্য দিয়েছেন।
গত বছরের ১১ জুন তার বিরুদ্ধে সাত ধরনের মানবতাবিরোধী অপরাধের সুনিদির্ষ্ট ১৭টি ঘটনা আমলে নিয়ে অভিযোগ গঠন করা হয়।
২০১২ সালের ১৫ মার্চ আলীমের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। এরপর ২৭ মার্চ জয়পুরহাটের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গত বছরের ৩ মে আলীমকে শর্তসাপেক্ষে জামিন দেয় আদালত। তিনি থাকছেন বনানীতে তার ছেলের বাড়িতে। তার ছেলে ফয়সাল আলীম মোবাইল ফোনের কনটেন্ট প্রোভাইডার প্রতিষ্ঠান উইনটেলের মালিক।
