২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতি বেড়েছে: টিআইবি

দেশে সার্বিকভাবে দুর্নীতি বেড়েছে বলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের এক প্রতিবেদনে বলা হয়েছে। তবে একইসঙ্গে ঘুষ লেনদেন কমেছে বলে তাদের পর্যবেক্ষণ।   

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2013, 06:38 AM

Updated : 25 Apr 2022, 06:58 PM

দুর্নীতিবিরোধী এই প্রতিষ্ঠানের মঙ্গলবার প্রকাশিত জরিপ প্রতিবেদন অনুযায়ী, দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষে রয়েছে রাজনৈতিক দল ও পুলিশ বিভাগ, এরপরেই রয়েছে বিচার বিভাগ।

এদিন সারাবিশ্বে একযোগে ‘গ্লোবাল করাপশন ব্যারোমিটার ২০১২’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে বার্লিনভিত্তিক প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল।

১০৭টি দেশের ১ লাখ ১৪ হাজার ২৭০ জনের ধারণা ও অভিজ্ঞতার ওপর এই জরিপ চালনো হয়, যাতে বাংলাদেশে ১ হাজার ৮২২টি থানার নির্বাচিত ব্যক্তিদের কাছ থেকে গত ১৩ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত তথ্য সংগ্রহ করা হয়।

প্রতিবেদন প্রকাশ করে রাজধানীর ব্র্যাক সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশের ৬০ শতাংশ উত্তরদাতাদের ধারণায় ২০১১-১২ সালে বাংলাদেশে দুর্নীতির ব্যাপকতা বেড়েছে।

তবে একই জরিপে তথ্যদাতাদের ব্যক্তিগত অভিজ্ঞতার ভিত্তিতে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০১০ সালের তুলনায় সরকারি আটটি সেবা খাতে ঘুষের হার কিছুটা কমেছে।

এসব সেবাখাতের মধ্যে রয়েছে- পুলিশ, বিচার ব্যবস্থা, ভূমি-সেবা, রেজিস্ট্রেশন ও পারমিট সেবা, স্বাস্থ্য ও চিকিৎসা, শিক্ষা, পরিষেবা ও কর।

দুর্নীতির বিরুদ্ধে জনগণ সক্রিয় অংশগ্রহণে আগ্রহী বলে টিআইবি দেখতে পেয়েছে।

“কিন্তু তারা এবিষয়ে সরকারের কাছ থেকে সক্রিয় সাড়া বা সহযোগিতা পাচ্ছে না,” বলেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।

তথ্যদাতাদের মধ্যে ৯৩ শতাংশের ধারণা, বাংলাদেশে সবচেয়ে দুর্নীতি প্রবণ খাত/প্রতিষ্ঠান হল রাজনৈতিক দল ও পুলিশ এবং ৮৯ শতাংশের ধারণা, এর পরের অবস্থান বিচার বিভাগের।

অন্যদিকে অভিজ্ঞতার ভিত্তিতে প্রাপ্ত তথ্য অনুযায়ী শীর্ষ ঘুষগ্রহীতা খাতগুলো হচ্ছে- পুলিশ (৭২%), বিচার ব্যবস্থা (৬৩%) ও ভূমি সেবা (৪৪%)।

ঘুষ দেয়ার কারণ হিসেবে ৫৮ শতাংশ মনে করেন, সেবা পাওয়ার ক্ষেত্রে এটাই একমাত্র পথ।

টিআইবি পরিচালিত জাতীয় থানা জরিপ-২০১০ এর তুলনায় ২০১২ সালে সেবাখাতে ঘুষ বা নিয়মবহির্ভূত অর্থ দেয়ার হারও তুলনামূলকভাবে কমেছিল বলে তথ্যদাতারা জানিয়েছেন।

উত্তরদাতাদের ৭৬ শতাংশ বাংলাদেশে সরকারি খাতের দুর্নীতিকে খুবই গুরুতর সমস্যা বলে মনে করেন। ৪০ শতাংশ মনে করেন, সরকারি সেবা খাতে ব্যক্তিগত সম্পর্ক ও যোগাযোগ খুবই গুরুত্বপূর্ণ।

অন্যদিকে ৯০ শতাংশ তথ্য দাতার মতে, সরকার বিশেষ মহল বিশেষ করে রাজনৈতিক দল বা কর্মী এবং বিশেষ ব্যবসায়িক গোষ্ঠী দ্বারা বিভিন্ন মাত্রায় প্রভাবিত হয়ে থাকে।

বাংলাদেশের তথ্যদাতাদের ৯২ শতাংশ মনে করেন, সাধারণ জনগণ দুর্নীতি প্রতিরোধে ভূমিকা রাখতে পারে এবং তথ্যদাতাদের অধিকাংশই কোনো না কোনোভাবে দুর্নীতিবিরোধী কার্যক্রমে ভূমিকা রাখতে চান।

দুর্নীতির ঘটনা জানানোর ক্ষেত্রে উত্তরদাতাদের ৩১.৪ শতাংশ জনপ্রতিনিধিদের ওপর আস্থাবান। ১৮.৮ শতাংশের আস্থা নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে দুর্নীতি দমন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। দুদকের কাছে জানাতে চান ১১.৪ শতাংশ।

জরিপ অনুযায়ী, বাংলাদেশের তথ্যদাতাদের ৩২ শতাংশের অভিমত, দুর্নীতি প্রতিরোধে সরকারি পদক্ষেপ অকার্যকর।

২০১০ সালের জরিপে ৫০ শতাংশ উত্তরদাতা সরকারি পদক্ষেপ কার্যকর ভূমিকা পালন করে থাকে বলে উত্তর দিয়েছিলেন।

২০১২ সালের জরিপে দুর্নীতি প্রতিরোধে সরকারি পদক্ষেপের ওপর আস্থা রেখেছেন মাত্র ২৬ শতাংশ উত্তরদাতা।

সংবাদ সম্মেলনে ইফতেখারুজ্জামান ছাড়াও ছিলেন টিআইবির উপ-নির্বাহী পরিচালক সুমাইয়া খায়ের।

এতে বৈশ্বিক প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন টিআইবি’র গবেষণা ও পলিসি বিভাগের পরিচালক রফিকুল হাসান এবং কর্মসূচি ব্যবস্থাপক শাকুর রহমান।