২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিতে দোকানিকে মারধর, মার্কেটে ধর্মঘট

কথা কাটাকাটির জেরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক দোকানিকে মারধরের অভিযোগ উঠেছে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2013, 09:46 AM

Updated : 23 Aug 2022, 11:08 AM

সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে এ ঘটনা ঘটে।

এর প্রতিবাদ এবং দোষীদের শাস্তির দাবিতে ওই মার্কেটের দোকান মালিক ও কর্মচারীরা ধর্মঘট ডেকেছেন।

‘প্রয়োজন কর্নার’ নামের দোকানটির মালিক ফারুক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা ১২টার দিকে একটি লেখা কম্পোজ করতে আসেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি আবদুর রউফ।

এ সময় হাতে কাজ থাকায় তার কর্মচারী সজীব একটু দেরি হবে বলে জানান।

এতে ক্ষিপ্ত হয়ে আবদুর রউফ এবং তার সমর্থকরা সজীবকে বেধড়ক মারধর করেন।

এদিকে এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে মার্কেটের সব দোকান বন্ধ করে ধর্মঘট পালন করছেন দোকান মালিক ও কর্মচারীরা। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা না নিলে ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

এছাড়া পরিবহন মার্কেটের দোকান মালিক সমিতির একটি প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সঙ্গে দেখা করে দোষীদের শাস্তির দাবি জানান।

দোকান মালিক সমিতির সভাপতি মুহাম্মদ শাহজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যারা আমাদের লোককে মেরেছে, তাদের শাস্তি চাই। দোষীদের যথাযথ বিচার না করা হলে ধর্মঘট প্রত্যাহার করা হবে না।”

অভিযোগ অস্বীকার করে আবদুর রউফ বিডিনিউজ টোযেন্টিফোর ডটকমকে বলেন, “আমি আমার জীবনবৃত্তান্ত কম্পোজ করার জন্য ওই দোকানে গিয়েছিলাম। দোকানের কর্মচারী বলে- এখন কোনো কম্পোজ হবে না বিকেলে আসেন। আমি তাকে বললাম, আমার কাছে একটি কপি আছে সেটাই সংশোধন করব।”

এরপর আমার সঙ্গে খারাপ ব্যবহার করলে কথা কাটাকাটি হয়েছে, কোনো মারধরের ঘটনা ঘটেনি।

ছাত্রলীগের সভাপতি আহমেদ আলী বলেন, “আমরা বিষয়টি সমাধানের জন্য দোকান মালিকদের সাথে বসব।”

প্রক্টর অধ্যাপক তারিকুল হাসান বলেন, “আমি ঘটনাটি শুনেছি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করা হবে।”