নেতৃত্বের প্রতি অনুগত থাকুন: প্রধানমন্ত্রী
প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সদস্যদের সুশৃংখলভাবে আনুগত্যের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার ঢাকা সেনানিবাসে পিজিআরের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি বলেন, “আমি বিশ্বাস করি, সব স্তরের কমান্ডারদের প্রতি শ্রদ্ধাবোধ এবং তাদের প্রতি অনুগত থাকলে যে কোন কাজ সুচারুভাবে সম্পন্ন করা সম্ভব।”
প্রধানমন্ত্রী পিজিআরের সদর দপ্তরে পৌঁছানোর পর কোয়ার্টার গার্ড পরিদর্শন করেন এবং চৌকস গার্ডের সালাম নেন।
সরকার প্রধান বলেন, “কার্যকরী কমান্ড চ্যানেল সেনাবাহিনীতে যেকোনো কাজ সমাধানে সক্রিয় ভূমিকা রাখে। নেতৃত্বের প্রতি সম্পূর্ণ আস্থা রেখে সব কাজে আপনারা এগিয়ে যাবেন বলে আমি প্রত্যাশা করি।”
১৯৭৫ সালের ৫ জুলাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই রেজিমেন্ট প্রতিষ্ঠা করেন।
পরিদর্শন শেষে প্রধানমন্ত্রীর সঙ্গে রেজিমেন্টে কর্মরত অবস্থায় নিহত সৈনিকদের স্বজনরা সঙ্গে দেখা করেন। এ সময় তিনি তাদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করেন।
শেখ হাসিনা পিজিআর সদস্যদের উদ্দেশ্যে বলেন, “আমার দায়িত্ব পালনকালে আপনাদের সাথে প্রতিদিনই দেখা হয়। আপনাদের দক্ষতা, কর্তব্যপরায়ণতা ও একাগ্রতায় প্রমাণ পাই আপনারা সকলেই বিশেষভাবে নির্বাচিত ও নির্ভরযোগ্য সৈনিক। আপনারা বিশ্বস্ততা, আনুগত্য, শৃংখলা ও পেশাদারিত্বের সঙ্গে গার্ডসের দায়িত্ব পালন করছেন।”
রেজিমেন্টের জনবল বৃদ্ধির কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, পিজিআরের ৪৮১ জন জনবল বৃদ্ধির সাথে ২৩টি এপিসিসহ ৬৫টি যানবাহন, এক হাজার ২২২টি বিভিন্ন ধরনের অস্ত্র এবং ৯৪টি বিভিন্ন ধরনের আধুনিক সরঞ্জাম যোগ হচ্ছে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা, মন্ত্রিপরিষদ সচিব, মুখ্য সচিব, মন্ত্রিসভার সদস্য, তিন বাহিনীর প্রধানসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এরআগে প্রধানমন্তী পিজিআরের অফিসার ও জেসিওদের সঙ্গে ছবি তোলেন।
