বগুড়ায় শহীদ মিনারে বোমা বিস্ফোরণ
হরতাল চলাকালে বগুড়া সরকারি আযিযুল হক কলেজের শহীদ মিনারে হাতবোমার বিস্ফোরণ হয়েছে।
বুধবার সকালে কারা এ ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক দ্বীপকেন্দ্র নাথ দাস জানান, কলেজে স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু হওয়ার আগে সকাল সাড়ে ৯টায় কয়েকজন যুবক পরপর ৩টি হাতবোমার বিস্ফোরণ ঘটায়। এরমধ্যে দুটি শহীদ মিনারে এবং অপরটি কলেজ ক্যাম্পাসে বিস্ফোরিত হয়।
এ সময় পরীক্ষার্থীরা আতঙ্ক ও ভয়ে ছোটাছুটি করতে থাকে। বিস্ফোরণে শহীদ মিনারের বেদী ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান অধ্যক্ষ।
বগুড়া সদর থানার ওসি সৈয়দ শহীদ আলম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
