কুমিল্লায় শিবির-পুলিশ সংঘর্ষে আহত ১০
কুমিল্লা শহরে ইসলামী ছাত্র শিবির ও পুলিশের সংঘর্ষে এক সংবাদকর্মীসহ ১০ জন আহত হয়েছে।
মঙ্গলবার দুপুরে শহরের কান্দিরপাড় লিবার্টি মোড়ে এ সংঘর্ষ হয় বলে জানান কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর জাহান।
এ ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও তিনি জানান।
কোতোয়ালী মডেল থানার ওসি মহিউদ্দিন মাহমুদ জানান, বুধবারের ডাকা হরতাল সমর্থনে শিবির দুপুরে মহানগরীর মনোহরপুর এলাকা থেকে ঝটিকা মিছিল বের করে। মিছিলটি লিবার্টি মোড়ে এলে পুলিশ বাধা দেয়।
এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে পুলিশ মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ও টিয়ারসেল ছোড়ে। শিবিরও পুলিশকে লক্ষ্য করে ইট ছোঁড়ে।
এ সময় স্থানীয় ফটোসাংবাদিক জুয়েলসহ ১০ জন আহত হয়।
এদিকে সংঘর্ষের পর শিবির কান্দিরপাড় মোড়ে ৪টি ককটেল বিস্ফোরণ ঘটায় বলে জানান ওসি।
