বামনায় স্কুলে মিড ডে মিল
বরগুনার বামনা উপজেলার একটি স্কুলের শিক্ষার্থীদের জন্য দুপুরে রান্না করা খাবার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মো. আফসারুল আমিন।
মঙ্গলবার দুপুরে মধ্য কাকচিড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করে মন্ত্রী বলেন, পশ্চাৎপদ এলাকায় শিক্ষার উন্নয়নে বিশেষ ব্যবস্থা নেবে সরকার। প্রতিটি শিশুকে শিক্ষিত করে তুলতে সরকার বদ্ধ পরিকর।
বিশ্ব খাদ্য কর্মসূচি ও দারিদ্রপীড়িত এলাকায় ‘স্কুল ফিডিং প্রকল্পের’ আওতায় প্রাথমিকভাবে বরগুনার বামনা উপজেলার মধ্য কাকচিড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুপুরে রান্না করা খাবার সরবরাহের উদ্যোগ নেয়া হয়েছে। পর্যায়ক্রমে সব স্কুলকে এ প্রকল্পের আওতায় আনা হবে বলে জানান মন্ত্রী।
বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বরগুনা-২ আসনের সংসদ সদস্য গোলাম সবুর টুলু, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব রূপন কান্তি শীল, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ, স্কুল ফিডিং প্রকল্পের পরিচালক বাবলু সাহা, বিশ্ব খাদ্য কর্মসূচি বাংলাদেশের স্থানীয় প্রতিনিধি ক্রিস্টা রাডার, পুলিশ সুপার শ্যামল কুমার নাথ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. হাবিবুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নিখিল চন্দ্র হালদার।
