প্রাণিসম্পদের সাবেক কর্মকর্তার বিরুদ্ধে মামলা
দুর্নীতির অভিযোগে বরিশাল বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তরের সাবেক উপ-পরিচালকসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার রাতে দুদকের বরিশাল কার্যালয়ের সহকারী পরিচালক ওয়াজেদ আলী গাজী মামলাটি দায়ের করেন বলে পুলিশ জানিয়েছে।
কোতোয়ালি মডেল থানার ওসি মো. সাখাওয়াত হোসেন জানান, মামলারটির তদন্ত করবেও দুদক।
আসামিরা হলেন বরিশাল বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তরের সাবেক উপ-পরিচালক ডা. এএফএম হামিদুল হক, সাবেক পরিচালক আমিনুল ইসলাম, সাবেক জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল জব্বার সিকদার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহীনুজ্জামান।
এদের বিরুদ্ধে যোগসাজসে নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস, দুর্নীতি ও সরকারি নির্দেশনা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে বলে জানান ওসি সাখাওয়াত হোসেন।
মামলার বরাত দিয়ে ওসি জানান, বরগুনায়, পিরোজপুর ও ভোলায় প্রাণিসম্পদ অধিদপ্তরের অফিসে এমএলএসএস পদে আট জনের নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয় ২০১১ সালে ১০ জানুয়ারি।
তখনকার উপ-পরিচালক ডা. এএফএম হামিদুল হককে সভাপতি করে অন্য আসামিদের সমন্বয়ে নিয়োগ কমিটি গঠন করা হয়।
কিন্তু তারা নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা না রেখে দুর্নীতির মাধ্যমে ২০১১ সালে ২৪ মে তাদের পছন্দের প্রার্থীদের নিয়োগ দেন।
নিয়োগের ব্যাপারে মুক্তিযোদ্ধা ও নারীদের অগ্রাধিকার দেয়ার কথা থাকলেও তারা তা মানেননি বলে এজাহারে উল্লেখ রয়েছে।
