সিরাজগঞ্জে দুর্ঘটনায় শিশু নিহত
সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় এক মাইক্রোবাসযাত্রী শিশুর মৃত্যু হয়েছে। আহত হন শিশুটির মাসহ অন্তত সাতজন।
বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় মহাসড়কের মুলিবাড়ি এলাকায় সোমবার ভোরে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
নিহত নাঈম (১০) বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বিজরুল গ্রামের গোলাম রব্বানীর ছেলে।
কড্ডা পুলিশ ফাঁড়ির হাবিলদার শহিদুল ইসলাম জানান, আহতদের প্রথমে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হলেও পরে বগুড়ায় পাঠিয়ে দেয়া হয়েছে।
হতহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী বলেও জানান তিনি।
হাবিলদার শহিদুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মালয়েশিয়া থেকে আসা খোরশেদ আলমকে নিয়ে তার স্বজনরা মাইক্রোবাসে করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বগুড়ার নন্দীগ্রামের নিজামপুরের বাড়ি ফিরছিলেন।
মুলিবাড়ি রেলক্রসিং এলাকায় একটি ট্রাকের চাকা পাংচার হলে তা নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটিকে চাপা দেয়।
একই সময়ে পেছন থেকে আসা আরেকটি ট্রাকও মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়।
এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।
ট্রাক দুইটি আটক করা হলেও চালকরা পালিয়ে গেছে বলেও জানান শহিদুল।
এ ঘটনায় বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় থানায় একটি মামলা হয়েছে।
