দুদকের নতুন চেয়ারম্যানও চান আইন সংস্কার
দুর্নীতি দমন কমিশনের কাজকে গতিশীল করতে এর আইন সংস্কারের কথা বললেন প্রতিষ্ঠানের নতুন চেয়ারম্যান মো. বদিউজ্জামান।
নিয়োগের পরদিন বৃহস্পতিবার তিনি সাংবাদিকদের বলেন, “এখন যে আইন রয়েছে, তা দিয়ে এখনকার কাজ চলছে তবে এই দুদককে আরো গতিশীল করতে হলে এই আইনের সংশোধন প্রয়োজন।”
সংসদের চলতি অধিবেশনেই দুদক আইন সংশোধনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান বদিউজ্জামান।
দুদক কমিশনার বদিউজ্জামানকে বুধবার প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান।
তার পূর্বসূরি গোলাম রহমানও বিভিন্ন সময় দুদক আইন সংস্কারের কথা বলেছিলেন।
বিরোধী দল সমালোচনা করে এলেও দুদক স্বাধীনভাবেই কাজ করছে বলে দাবি করেন বদিউজ্জামান। এই ধারা অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন তিনি।
“দুদক সবাইকে একই দৃষ্টিতে দেখে। যখনি কারো নামে কোনো অভিযোগ আসবে, দুদক অনুসন্ধান করবে।”
“ওয়ান-ইলেভেনের সময়ে দুদক ৩৫০টি মামলা দায়ের করেছিল। সেই মামলাগুলো প্রত্যাহার করতে দুদকে ওপর মহল থেকে তদ্বির করা হয়েছে, কিন্তু দুদক সেগুলো প্রত্যাহার করেনি।”
ডেসটিনি ও হল-মার্ক দুর্নীতি তদন্তের চূড়ান্ত প্রতিবেদন দ্রুত কমিশনে জমা হবে বলে জানান নতুন চেয়ারম্যান।
তবে পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতি তদন্তের চূড়ান্ত প্রতিবেদন জমা হতে সময় লাগছে।
“দুদকের যে টিম কানাডা গিয়েছিল, তারা কিছু তথ্য এনেছে, কিন্তু তা পর্যাপ্ত নয়। মামলাটি এখনো কানাডার আদালতে ওঠেনি। আশা করছি, ট্রায়াল শুরু হলে আমরা কিছু প্রয়োজনীয় তথ্য পাব।”
পড়াশোনার পর অধ্যাপনা দিয়ে কর্মজীবনে ঢুকলেও পরে সরকারি প্রশাসনে যোগ দেন বদিউজ্জামান। প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিবের দায়িত্ব পালন করেন তিনি।
২০০৯ সালের ১৪ মার্চ তিনি দুদকের অনুসন্ধান বিষয়ক কমিশনার হিসেবে দায়িত্ব নেন। ওই দায়িত্ব পালনের পর চেয়ারম্যানের পদে এলেন তিনি।
