২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইনি পদ্ধতির সংস্কার করতে হবে: গোলাম রহমান

দীর্ঘসূত্রিতার কারণে ও ফাঁকফোকর গলে দুর্নীতিবাজরা যাতে সাজা না এড়াতে পারে তা নিশ্চিত করতে আইনি পদ্ধতির সংস্কারের কথা বলেছেন দুর্নীতি দমন কমিশনের বিদায়ী চেয়ারম্যান গোলাম রহমান।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2013, 04:28 PM

Updated : 23 Aug 2022, 11:02 AM

তিনি বলেছেন, “আইনের সংস্কার করে দীর্ঘসূত্রিতা দূর করতে পারলেই দুদক ‘রয়েল বেঙ্গল টাইগারে’ পরিণত হবে। আইনি জটিলতার জন্যই দুর্নীতিপরায়নদের শাস্তির বিষয়টি বিলম্বিত হয়।”

বৃহস্পতিবার দুপুরে যশোরে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনকাজের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

গোলাম রহমান বলেন, “দুর্নীতিপরায়নরা অর্থ-বিত্তসহ সবদিক থেকে প্রভাবশালী। ফলে দীর্ঘসূত্রিতার কারণে তারা আইনের ফাঁকফোকর দিয়ে বের হয়ে যায়। আর এজন্য তারা (দুর্নীতিপরায়নরা) মনে করে দুর্নীতি করলেও কোনো শাস্তি হয় না।”

একারণেই আইনি পদ্ধতির সংস্কার করা প্রয়োজন বলে মনে করেন তিনি।

দুদক সব ধরনের দুর্নীতিবাজের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিলেও কালো টাকা ও নানা প্রভাব খাটিয়ে আইনের ফাঁকফোকর গলে বেরিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি।

এভাবেই দুদক ‘নখদন্তহীন বাঘে’ পরিণত হয়েছে বলে সাধারণ মানুষ সম্পর্কে ইতিবাচক ধারণা পাচ্ছে বলেও মনে করেন তিনি।

তিনি বলেন, “মানুষ যদি দেখতো দুর্নীতি করার কারণে একশজন কারাগারে রয়েছে, দুর্নীতি করলে পার পাওয়া যায় না, তাহলেই দুদকের প্রতি মানুষের আস্থা বাড়তো। কিন্তু তা হচ্ছে না বলেই আমি বলেছি দুদক ‘নখদন্তহীন বাঘ’।”

পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগের তদন্ত প্রসঙ্গে গোলাম রহমান বলেন, দুদক একটি আইনানুগ প্রতিষ্ঠান। এখানে কারো কথায় চলার সুযোগ নেই। আইনানুগভাবে তদন্ত শেষে দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। “কাউকে অনুকম্পা বা ছাড়া দেয়ার প্রশ্নই ওঠে না।”

দুর্নীতি প্রতিরোধে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের আরো সচেষ্ট হওয়ার আহ্বান জানিয়ে চেয়ারম্যান বলেন, “তরুণ প্রজন্মকে দুর্নীতি সম্পর্কে সচেতন করার জন্য সারাদেশের ১৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে কয়েকটি প্রকল্প চালু রয়েছে।”

জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দুদক কমিশনার মোহা. বদিউজ্জামান, সচিব ফয়জুর রহমান, দুদকের  প্রশাসন, সংস্থাপন ও অর্থ বিভাগের মহাপরিচালক ফররুক আহমেদ, দুদকের অনিষ্পত্তি বিষায়াদি সেলের মহাপরিচালক আবু মোহাম্মদ মোস্তফা কামাল, যশোরের জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, দুদকের খুলনা বিভাগীয় কমিশনার এবিএম মাহবুব ও দুদক যশোরের উপ-পরিচালক জহিরুল হুদা।

ঢাকার বাইরেই যশোরে প্রথম দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের দ্বিতল ভবন নির্মাণ করা হচ্ছে। দুই কোটি ৮৩ লাখ ৪৮ হাজার ৬৬৫ টাকা ব্যয়ে গণপূর্ত বিভাগ এটি বাস্তবায়ন করছে।

পরে যশোর কালেক্টরেট সভাকক্ষে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের সাথে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের জেলা পর্যায়ের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।