নেত্রকোনায় প্রসূতির মৃত্যু: ক্ষতিপূরণে মীমাংসা
নেত্রকোনায় একটি বেসরকারি হাসপাতালে প্রসূতি মৃত্যুর ঘটনায় নিহতের পরিবারকে তিন লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার অঙ্গীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
গত ২১ ফেব্রুয়ারি স্বাবলম্বী উন্নয়ন সমিতি পরিচালিত স্বাবলম্বী হাসপাতালে মারা যান প্রসূতি প্রীতি আক্তার।
ভুল চিকিৎসার কারণে প্রীতির মৃত্যু হয়েছে দাবি করে ঘটনার পরপরই বিক্ষুব্ধ এলাকাবাসী হাসপাতালে ভাংচুর চালায়।
২৪ জুন প্রীতির বাবা সৈয়দ ছালাম উদ্দিন হাসপাতালের পরিচালক ডা. মাকসুদুর রহমান ও ডা. রওশন আরাকে দায়ী করে সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
এ নিয়ে স্থানীয় মুরুব্বিদের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের কয়েক দফা বৈঠক হয়।
নিহতের বাবা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বুধবারের মীমাংসা বৈঠকে এলাকার লোকজন, মেয়ের জামাই আব্দুল কাদিরসহ আমি উপস্থিত ছিলাম। তারা তিন লাখ টাকা দেয়ার অঙ্গীকার করেছে।”
“এই টাকা প্রীতির শিশুটির ভরণ-পোষনে ব্যায় করা হবে”, যোগ করেন তিনি।
ছহুল আহম্মেদ বলেন, “শিশুটির জন্য মানবিক দৃষ্টিকোণ থেকে ব্যাংকে তিন লাখ টাকার ডিপোজিট করে দেয়া হবে।”
