২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোনায় প্রসূতির মৃত্যুতে থানায় জিডি

নেত্রকোনায় একটি বেসরকারি হাসপাতালে প্রসূতি প্রীতি আক্তারের মৃত্যুর ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে নিহতের পরিবারের সদস্যরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নেত্রকোনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2013, 12:28 PM

Updated : 25 Apr 2022, 06:54 PM

সোমবার সকালে প্রীতির বাবা শহরের শিবগঞ্জ রোডের সৈয়দ ছালাম উদ্দিন সদর মডেল থানায় এ জিডি করেন।

সদর মডেল থানার ওসি এস এম মফিজুল ইসলাম জানান, বেসরকারি সংস্থা স্বাবলম্বী উন্নয়ন সমিতি পরিচালিত স্বাবলম্বী হাসপাতালে শুক্রবার সকালে প্রীতি মারা যান। পরিবারের লোকজনের অভিযোগ, চিকিৎসকের ভুলে প্রীতি মারা গেছেন।

ঘটনার পর পরই এলাকার বিক্ষুদ্ধ লোকজন হাসপাতালে ভাংচুর চালায় বলেও জানান ওসি মফিজুল।

তিনি জানান, ঘটনার জন্য হাসপাতালটির পরিচালক মাকসুদুর রহমান ও রওশন আরাকে দায়ী করা হয়েছে।

অভিযোগের তদন্ত শুরু হয়েছে। তদন্ত অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।

প্রীতির বাবা সৈয়দ ছালাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রীতি মারা যাওয়ার পর স্বাবলম্বীর কর্মকর্তারা আইনি ব্যবস্থা না নিয়ে আপোষরফার কথা বলেন। তারা ক্ষতিপূরণের আশ্বাসও দেন।

এ নিয়ে স্থানীয় মুরুব্বিদের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের একটি বৈঠকও হয় বলে জানান প্রীতির বাবা।

বৈঠকের কথা স্বীকার করে এলাকার কাউন্সিলর নজরুল ইসলাম জানান, তিনি বৈঠকের শেষ পর্যায়ে সেখানে যান। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন।

স্বাবলম্বী উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক বেগম রোকেয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চিকিৎসকদের ত্রুটির কারণে এমন হয়ে থাকলে ব্যবস্থা নেয়া হবে। পরবর্তীতে যেন আর এমন না হয় সে বিষয়ে কর্তৃপক্ষ সতর্ক রয়েছে।”