গ্রাউন্ড হ্যান্ডলিং: আন্দোলনে বিমান কর্মীরা
বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা পরিচালনায় বেসরকারি প্রতিষ্ঠানকে যুক্ত করার উদ্যোগ বন্ধের দাবিতে বলাকা ভবনে আন্দোলন শুরু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মীরা।
বিমান শ্রমিক লীগের সভাপতি ও সিবিএ নেতা মসিকুর রহমান বলেন, “গ্রাউন্ড হ্যান্ডলিং বিমানের সবচেয়ে বড় আয়ের খাত। সেই খাতে এখন শকুনের কালো দৃষ্টি পড়েছে। কর্তৃপক্ষ এই খাতকে বিদেশিদের হাতে ছেড়ে দেয়ার ষড়যন্ত্র করছে।
“গ্রাউন্ড হ্যান্ডলিং বিদেশিদের হাতে ছেড়ে দেয়া হবে জাতীয় স্বার্থবিরোধী। এতে নিরাপত্তাও হুমকির মুখে পড়বে। আমরা এ বিষয়ে এমডির সাথে কথা বলেছি। কিন্তু তিনি আমাদের কথা শোনেননি।”
গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা পরিচালনায় বিশ্বের বিভিন্ন বিমান সংস্থার কাছে ‘অংশীদারিত্বের’ প্রস্তাব চেয়ে গত ২৩ জুন বিমানের ওয়েবসাইটে একটি বিজ্ঞাপন প্রকাশ করা হয়। এতে ইতিবাচক সাড়া পেলে আরএফপি (রিকোয়েস্ট ফর প্রোপোজাল) চেয়ে বিজ্ঞাপন দেওয়া হবে বলে বিমানের এমডি কেভিন স্টিল জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “বিষয়টি এখনও একদম প্রাথমিক পর্যায়ে রয়েছে, আমরা কেবল বিভিন্ন বিমান সংস্থার কাছ থেকে প্রস্তাব চেয়ে আরএফআই দিয়েছি।”
কেভিন বলেন, “বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিং ব্যবস্থাকে বিশ্ব মানের করতে যন্ত্রপাতি, ফ্যাসিলিটি, সিস্টেম, ট্রেনিংয়ের ওপরে বড় ধরনের বিনিয়োগ প্রয়োজন। জয়েন্ট ভেনচারে পার্টনার নিলে সেটা পাওয়া যাবে। গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের আধুনিকায়ন হলে বিমানের সেবাও বৃদ্ধি পাবে।”
নতুন এ পদ্ধতিতে বিমানের কর্মী ছাঁটাই হবে কি না জানতে চাইলে কেভিন বলেন, “এমন কোনো আশঙ্কা নেই। বরং আমাদের আরো বেশি কর্মচারী নিয়োগ দিতে হবে।”
বিমান কর্মচারীদের আন্দোলনের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে এমডি বলেন, “আমরা বিমানের কর্মচারী ইউনিয়নগুলোর সঙ্গে আলোচনা করেছি। এ উদ্যোগ বাস্তবায়িত হলে প্রকৃতপক্ষে বিমান কর্মচারীরাই উপকৃত হবে।”
