২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ত্বকি হত্যা: সীমান্তের জামিন স্থগিতে আবেদন

নারায়ণগঞ্জের নাগরিক আন্দোলনের নেতা রফিউর রাব্বির ছেলে তানভীর মোহম্মদ ত্বকি হত্যার ঘটনায় আটক সালেহ রহমান সীমান্তকে দেয়া হাই কোর্টের জামিন স্থগিতে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2013, 12:24 PM

Updated : 23 Aug 2022, 11:04 AM

বুধবার আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হকের বেঞ্চে এই আবেদন করা হয়।

আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানি করেন, সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. ইকরামুল হক ও সহকারি অ্যাটর্নি জেনারেল শামসুদ্দোহা তালুকদার।

শামসুদ্দোহা তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আদালত আগামী ২ জুলাই পর্যন্ত বিষয়টি স্ট্যান্ডওভার (মুলতবি) রেখেছে। ওইদিন অবকাশকালীন অন্য একজন চেম্বার বিচারপতি আদালতে বসবেন। সেখানে এ বিষয়ে শুনানি হবে।”

গত সোমবার হাই কোর্টের একটি অবকাশকালীন বেঞ্চ সীমান্তকে ৬ মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেয়। পাশাপাশি তাকে কেন নিয়মিত জামিন দেয়া হবে না, সেই রুলও জারি করে।

হাই কোর্টের দেয়া এই অন্তর্বর্তীকালীন আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে যায় রাষ্ট্রপক্ষ।

নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি রাব্বির ছেলে ত্বকি গত ৬ মার্চ নিখোঁজ হন। দুদিন পর শীতলক্ষ্যা নদী সংলগ্ন খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়।

রফিউর রাব্বি এ ঘটনায় যে মামলা করেন, তাতে আসামি হিসাবে কারো নাম না থাকলেও গত ১৮ মার্চ পুলিশ সুপারের কাছে কয়েকটি নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দেন।

এতে সীমান্তের নামও ছিলো। পুলিশ এই মামলায় সীমান্তসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। 

এই হত্যাকাণ্ডের তদন্ত পুলিশ শুরু করলেও হাই কোর্টের আদেশে গত ২০ জুন সেই দায়িত্ব নিয়েছে র‌্যাব।

ছেলের হত্যাকাণ্ডের জন্য আওয়ামী লীগ নেতা এ কে এম  শামীম ওসমানকে দায়ী করে আসছেন রফিউর রাব্বি। তবে সাবেক সংসদ সদস্য শামীম এই হত্যাকাণ্ডে নিজের সংশ্লিষ্টতা বরাবরই অস্বীকার করেছেন।

রাব্বি আসামির তালিকায় যোগ করতে শামীমসহ কয়েকজনের নাম পুলিশ সুপারকে দেন। শামীমের ছেলে অয়ন ওসমান, যুবলীগের বহিষ্কৃত নেতা জহিরুল ইসলাম পারভেজ (ক্যাঙ্গারু পারভেজ), জেলা ছাত্রলীগের সহসভাপতি রাজীব দাস, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, রিফাত বিন ওসমান ও সীমান্তের নাম ওই তালিকায় রয়েছে।

এর মধ্যে সীমান্ত ছাড়াও রিফাত এবং ইউসুফ হোসেন লিটন নামে আরেক যুবক গ্রেপ্তার হন।