২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহবাগে শহীদ জননীকে শ্রদ্ধা নিবেদন

শাহবাগ গণজাগরণ মঞ্চের পাশেই অস্থায়ী বেদী স্থাপন করে শহীদ জননী জাহানারা ইমামকে প্রয়াণ দিবসে স্মরণ করছে সর্বস্তরের জনসাধারণ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2013, 07:48 AM

Updated : 25 Apr 2022, 06:54 PM

বুধবার সকালে শাহবাগে শহীদ জননীর ছবি দিয়ে তৈরি অস্থায়ী বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় যুদ্ধাপরাধের বিচারের দাবিতে তরুণ প্রজন্মের নেতৃত্বে গড়ে ওঠা গণজাগরণ মঞ্চ, যারা গত পাঁচ মাস ধরে এ দাবিতে আন্দোল চালিয়ে আসছে।

সারাদিনই মানুষ এখানে শ্রদ্ধা জানাতে পারবেন শহীদ জননীকে। সন্ধ্যায় প্রজ্জ্বলিত হবে অাঁধারবিনাশী আলোকমালা। তারপর গণজাগরণ মঞ্চে পরিবেশিত হবে বাঙালির মুক্তিসংগ্রামের গান ও কবিতা।

বিগত শতাব্দীর নব্বইয়ের দশকে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গড়ে ওঠা একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি ও গণআদালতের প্রধান উদ্যোক্তা জাহানারা ইমাম মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে ১৯৯৪ সালের ২৬ জুন মারা যান।

১৯তম প্রয়াণ দিবসে সকালে শাহবাগে সেক্টর কমান্ডার্স ফোরাম, ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী, খেলাঘর, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বাংলাদেশ ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃকিত সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন।

এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির, ফেরদৌসী প্রিয়ভাষিনী, শহীদ জায়া শ্যামলী নাসরিন চৌধুরী, সেক্টর সেক্টর কমান্ডার্স ফোরামের সিনিয়র সহ-সভাপতি কে এম শফিউল্লাহ প্রমুখ শহীদ জননীর বেদিতে শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা নিবেদন করে শফিউল্লাহ সাংবাদিকদের বলেন, “সেক্টর কমান্ডার ফোরামের দাবি ছিল ৩টি। যুদ্ধাপরাধীদের মনোনয়ন না দেয়া, যুদ্ধাপরাধী সংগঠনের সঙ্গে আঁতাত না করা আর ক্ষমতায় গেলে যুদ্ধাপরাধের বিচার করা। কিন্তু এসব ইস্যুতে বিএনপি আমাদের কথায় সাড়া দেয়নি। আমরা চাই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিগুলোই ক্ষমতায় আসুক। আর তা না হলে যুদ্ধাপরাধের বিচার করা সম্ভব হবে না।”

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, বঙ্গবন্ধু যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া শুরু করলেও তাকে হত্যা করার পর জাহানারা ইমামই এই বিচারের পক্ষে জোর দাবি করেন।

“এই বীরগেরিলা শহীদ রুমির জননী জাহানারা ইমামই আমাদের আন্দোলনের প্রেরণা ও শক্তি।”

যুদ্ধাপরাধী কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডের রায় প্রত্যাখ্যান করে গত ৫ ফেব্রুয়ারি শাহবাগে তরুণ প্রজন্মের আন্দোলনের সূচনা। ২১ ফেব্রুয়ারি থেকে ধারাবাহিক অবস্থানের ইতি টানা হলেও আন্দোলন চালিয়ে আসছেন তারা।

মিরপুরে শহীদ জননী জাহানারা ইমামের সমাধিতে ফুল দেয়া, স্মারক বক্তৃতা, আলোচনা ও স্মৃতিপদক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠানের আয়োজনও রয়েছে এই দিনে।

জাহানারা ইমামের মৃত্যুবার্ষিকীতে এক বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশে যুদ্ধাপরাধীদের বিচারের রায় দেয়া শুরু হয়েছে।

“মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের বিচার কাজ সম্পন্ন করার মাধ্যমেই শহীদ জননীর প্রতি শ্রদ্ধা জানানো হবে বলে আমি মনে করি।”

‘একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি’র  এ আন্দোলনের ধারাবাহিকতায় ‘শহীদ জননী’ হিসেবে দেশব্যাপী পরিচিত হয়ে ওঠেন মুক্তিযুদ্ধে ছেলে গেরিলা যোদ্ধা শফি ইমাম রুমিকে হারানো এই নারী। ক্যান্সার নিয়েও আন্দোলন চালিয়ে পরিণত হন যুদ্ধাপরাধীদের বিচার আন্দোলনের প্রতীকে।

জাহানারা ইমামের আত্মজীবনীমূলক লেখা ১৯৮৬ সালে প্রকাশিত ‘একাত্তরের দিনগুলি’বইটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের একটি অসাধারণ দলিল হিসেবে দেখেন ইতিহাসবেত্তারা।

দীর্ঘদিন ক্যান্সারে ভুগে ১৯৯৪ সালের ২৬ জুন যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে মারা যান জাহানারা ইমাম।