২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চরজব্বার থানার ওসির ‘চাঁদাবাজি’

নোয়াখালীর চরজব্বার থানার ওসির বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ করেছেন এক ব্যবসায়ী।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2013, 09:49 AM

Updated : 23 Aug 2022, 11:03 AM

মঙ্গলবার দুপুরে নোয়াখালী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ওই ব্যবসায়ীকে থানায় নিয়ে লাঞ্ছিত করারও অভিযোগ করা হয়।

লিখিত বক্তব্যে সুবর্ণচর উপজেলার খাসের হাট বাজারের মেসার্স জোহরা ট্রেডার্সের মালিক মোস্তফা কামাল কাজল অভিযোগ করেন, গত শনিবার (২২ জুন) সন্ধ্যায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে চরজব্বার থানার ওসি মোশারফ হোসেন তরফদার তাকে থানায় ডেকে নেন।

এরপর অকথ্য ভাষায় গালমন্দ করে একদিনের মধ্যে এক লাখ টাকা দিতে বলেন।

দাবি করা টাকা না পেলে তাকে চাঁদাবাজি, ডাকাতি, হত্যাসহ বিভিন্ন মামলায় জড়ানোর হুমকি দেন।

এ ব্যপারে তিনি সোমবার (২৪ জুন) পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দেন বলেও জানান।

এ ওসির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য তিনি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি জানান।

এ ব্যপারে যোগাযোগ করা হলে চরজব্বার থানার ওসি মোশারফ হোসেন তরফদার বলেন, একটি অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য মোস্তফা কামাল কাজলকে থানায় ডেকে আনা হয়েছিল।

তবে তার কাছে চাঁদা দাবি কিংবা অশোভন আচরণের বিষয়টি সত্য নয়, বলেন তিনি।