২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

টেন্ডার নিয়ে যুবলীগের গোলাগুলি, নিহত ২

চট্টগ্রামে রেলের ৪৮ লাখ টাকার টেন্ডার নিয়ে যুবলীগ-ছাত্রলীগ নেতাকর্মীদের গোলাগুলিতে এক শিশুসহ দুই জন নিহত হয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2013, 07:12 AM

Updated : 23 Aug 2022, 11:03 AM

সোমবার বেলা ১২টার দিকে নগরীর সিআরবি সাতরাস্তার মোড়ে রেলের পূর্বাঞ্চলীয় সদরদপ্তরের সামনে যুবলীগ-ছাত্রলীগের দুটি পক্ষ সংঘর্ষে জড়ায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

এ ঘটনায় ছাত্রলীগের এক কেন্দ্রীয় নেতাসহ ৪০ জনকে আটক করেছে পুলিশ।

নিহতদের মধ্যে স্থানীয় সিআরবি বস্তির আরমান হোসেন (৮) গুলিবিদ্ধ হয় রাস্তায় খেলতে গিয়ে। আর দোকানে বসে চা খাওয়ার সময় সাজু পালিতের (২৪) মাথায় গুলি লাগে।

কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) নেজামউদ্দীন জানান, ফেনী রেলস্টেশনের সংস্কার কাজের ৪৮ লাখ টাকার টেন্ডার জমা দেয়া নিয়ে দুই পক্ষের তর্কাতর্কি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার এক পর্যায়ে গোলাগুলি শুরু হয়। এ সময় উভয়পক্ষ প্রায় ১৫ থেকে ২০ রাউন্ড গুলি ছোড়ে।

এতে গুলিবিদ্ধ হয়ে আরমান ঘটনাস্থলেই নিহত হন। আর পথচারী সাজুকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করা হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা তারেকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মহানগর ছাত্রলীগের সাবেক নেতা ও বর্তমান যুবলীগ নেতা দিদারুল আলমের ঠিকাদারী প্রতিষ্ঠান রয়েল অ্যাসোসিয়েটসের পক্ষে তারা টেন্ডার জমা দিতে আসেন। কিন্তু কেন্দ্রীয় যুবলীগের সদস্য হেলাল আকবর চৌধুরী বাবরের অনুসারী যুবলীগ-ছাত্রলীগের কিছু নেতাকর্মী তাদের বাধা দেয়।

এ নিয়ে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার এক পর্যায়ে বাবরের অনুসারীরা গুলি শুরু করে বলে তারেকের অভিযোগ।

তিনি বলেন, সংঘর্ষের সময় বাবরের অনুসারীদের মধ্যে অজিত, খোকন তাপী, পিন্টু, ছোটন ও অমিত নেতৃত্ব দেয়।

দিদারুল আলম চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা আ জ ম নাসির উদ্দীনের অনুসারী।

Image
গোলাগুলির পর সাতরাস্তার মোড়ে ছাত্রলীগ কর্মীদের মিছিল

গোলাগুলির পর সাতরাস্তার মোড়ে ছাত্রলীগ কর্মীদের মিছিল

Image
আরমানের মৃত্যুতে পাগলপ্রায় বাবা মো. সিদ্দিক

আরমানের মৃত্যুতে পাগলপ্রায় বাবা মো. সিদ্দিক

পরিদর্শক (তদন্ত) নেজামউদ্দীন জানান, সংঘর্ষের পর নগরীর সিআরবি ও নন্দনকানন এলাকায় অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত সন্দেহে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক সাইফুল আলম লিমনসহ ৪০ জনকে আটক করা হয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা লিমনকে সংঘর্ষের সময় একপক্ষের নেতৃত্ব দিতে দেখা যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

নিহত আরমানের মা আছিয়া বেগম জানান, রেল ভবনের কাছে সিআরবি বস্তিতে তারা থাকেন।

আরমান দুপুরে খেলতে বের হলে গোলাগুলির মধ্যে পড়ে। মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আর সাজু পালিত নগরীর লাভলেনের মৃত কানু পালিতের ছেলে। তিনি সাতরাস্তার মোড়ে একটি চায়ের দোকানে বসে খাবার খাচ্ছিলেন। এ সময় তার মাথায় গুলি লাগে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

গুলিবিদ্ধ সাজুকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে এ ঘটনায় ছাত্রলীগের সম্পৃক্ততার কথা অস্বীকার করে সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম বলেন, চট্টগ্রাম মহানগরে ছাত্রলীগের কোনো পর্যায়ের কমিটি নেই।

সেখানে কোনো পর্যায়ে কাজ করার জন্যও সংগঠনের পক্ষ থেকে কাউকে নির্দেশ দেয়া হয়নি।

‘কিছু উশৃঙ্খল ব্যক্তির কর্মকাণ্ড ছাত্রলীগের কাঁধে চাপিয়ে ঐতিহ্যবাহী এই সংগঠনের সুনাম ক্ষুণ্ণ না করার’ জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানানো হয় ছাত্রলীগের বিজ্ঞপ্তিতে।

পুরনো খবর:

চট্টগ্রামে গোলাগুলির ঘটনায় আটক ৪০