চট্টগ্রামে গোলাগুলির ঘটনায় আটক ৪০
রেলের টেন্ডার নিয়ে যুবলীগ-ছাত্রলীগ কর্মীদের গোলাগুলিতে দুই জন নিহতের ঘটনায় জড়িত সন্দেহে ছাত্র্রলীগের এক কেন্দ্রীয় নেতাসহ ৪০ জনকে আটক করেছে পুলিশ।
বেলা ১২টার দিকে নগরীর সিআরবি সাতরাস্তার মোড়ে ওই সংঘর্ষের পর সিআরবি ও নন্দনকানন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) নেজামউদ্দীন জানান।
তিনি বলেন, আটকদের মধ্যে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক সাইফুল আলম লিমনও রয়েছেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা লিমনকে সংঘর্ষের সময় একপক্ষের নেতৃত্ব দিতে দেখা যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
পুলিশ জানায়, ফেনী রেলস্টেশনের সংস্কার কাজের ৪৮ লাখ টাকার টেন্ডার জমা দেয়া নিয়ে যুবলীগ নেতা দিদারুল আলমের অনুসারীদের সঙ্গে কেন্দ্রীয় যুবলীগের সদস্য হেলাল আকবর চৌধুরী বাবরের অনুসারীদের সংঘর্ষ হয়।
রেলওয়ের পূর্বাঞ্চলীয় সদরদপ্তরের সামনে ওই সংঘর্ষে উভয়পক্ষ ১৫ থেকে ২০ রাউন্ড গুলি ছোড়ে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে এক শিশু ও এক পথচারীর মৃত্যু হয়।
