সাবেক গভর্নর লুৎফর রহমান আর নেই
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর লুৎফর রহমান সরকার মারা গেছেন।
সোমবার সকাল ৮টার দিকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল প্রায় ৮০ বছর।
দুপুরে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় চত্বরে সাবেক গভর্নরের প্রথম জানাজা হয়। এরপর বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দ্বিতীয় জানাজা শেষে তার মরদেহ বগুড়ায় গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে। সেখানেই তাকে দাফন করা হবে বলে জানান আফতাব।
তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন এবং দেশের ব্যাংকিং শাখার উন্নয়নে সাবেক এই গভর্নরের অবদানের কথা স্মরণ করেছেন।
এছাড়া লুৎফর রহমানের এক সময়ের সহপাঠী অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার শওকত আলী শোক প্রকাশ করে আলাদা বিবৃতি দিয়েছেন।
লুৎফর রহমান সরকার ১৯৯৬ সালের নভেম্বরে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দায়িত্ব নেন। ১৯৯৮ সালের নভেম্বর পর্যন্ত এ পদে দায়িত্ব পালন করেন তিনি।
এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষকতা করেছেন লুৎফর রহমান। অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ প্রতিষ্ঠায় তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
তার মৃত্যুতে শোক প্রকাশ করে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, “তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার সহপাঠী ছিলো। আমার ঘনিষ্ট বন্ধু ছিলেন তিনি। দীর্ঘদিন তিনি অসুস্থ ছিলেন। এক রকমরে অচলই হয়ে গিয়েছিলেন। আমি এতো ব্যাস্ততার কারণে তাকে দেখতে যেতে পারিনি।”
শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য লুৎফর রহমান ‘বিকল্প’ নামে একটি প্রকল্প চালু করেছিলেন, যা এখনো সফলভাবে পরিচালিত হচ্ছে বলে জানান অর্থমন্ত্রী।
অর্থমন্ত্রী বলেন, “হাবিব ব্যাংক দিয়ে লুৎফর রহমান তার কর্মজীবন শুরু করেন। ব্যাংকার হিসেবে তার তুলনা হয় না। গভর্নর হিসাবে তিনি ব্যাংকিং খাতকে একটি সুশৃঙ্খল ভিত্তির উপরে দাঁড় করিয়ে দিয়ে গিয়েছিলেন।”
জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী এক শোক বার্তায় বলেন, “লুৎফর রহমানের সৃজনশীল উদ্যোগ দেশের যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টিতে এবং আর্থ-সামাজিক উন্নয়নে নতুন দিগন্তের সূচনা হয়েছিল। তার মৃত্যুতে দেশ একজন গুনী ব্যক্তিকে হারাল।”
আরেক শোক বার্তায় ডেপুটি স্পিকার শওকত আলী বলেন, “লুৎফর রহমান সরকার সৃষ্টিশীল কর্মের মাধ্যমে যে অবদান রেখেছেন তা জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তার মৃত্যু জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।”
