‘১৮ দলের রোষের শিকার ১০ হাজার গাছ’
সাম্প্রতিক সময়ে ১৮ দলীয় জোটের ‘তাণ্ডবের’ মধ্যে দেশের ১৬ জেলার ৪১ উপজেলায় ১০ হাজার ৪২টি গাছ কেটে ফেলা হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ।
সোমবার জাতীয় সংসদে ক্ষমতাসীন দলের সাংসদ নুরুল ইসলাম সুজনের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
হাছান মাহমুদ বলেন, বিগত দিনে ১৮ দলীয় জোটের হরতাল এবং জামায়াত-শিবিরের তাণ্ডবের মধ্যে রাস্তার ধারের অসংখ্য গাছপালার ক্ষয়-ক্ষতি হয়েছে।
“বিশেষ করে গত জানুয়ারি থেকে মে মাসের মধ্যে যুদ্ধাপরাধের বিচারের কয়েকটি রায় প্রকাশিত হওয়ার পর নোয়াখালী, লক্ষ্মীপুর, ভোলা, পটুয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার দিনাজপুর, সাতক্ষীরা, বগুড়া, জয়পুরহাট, যশোর, সিরাজগঞ্জ, চাঁদপুর, নীলফামারী, পাবনা ও ঝিনাইদহে বন অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন ১০ হাজার ৪২টি গাছ কেটে ফেলা হয়েছে।”
এই ক্ষতি স্বল্প সময়ে পুষিয়ে নেয়া সম্ভব না হলেও সরকার ‘তৎপর’ রয়েছে বলে মন্ত্রী জানান।
তিনি সংসদকে জানান, অবৈধভাবে গাছ কাটা ও ক্ষতিগ্রস্ত করার এসব ঘটনায় সারাদেশে ৫৬টি মামলা হয়েছে। ইতোমধ্যে ৮৩জনকে গ্রেপ্তারও করা হয়েছে।
সাংসদ সাধনা হালদারের এক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, কিছু কিছু বিজ্ঞানীর মতে ২১০০ সাল নাগাদ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা দশমিক শূন্য আট থেকে এক দশমিক তিন মিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। তাদের হিসাবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা এক মিটার বৃদ্ধি পেলে বাংলাদেশের ১৫ শতাংশ ভূমি সাগরে তলিয়ে যাবে।
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ২০৫০ সাল নাগাদ ৪৫ সেমি (প্রায় দেড়ফুট) বৃদ্ধি পেতে পারে এবং তাতে বাংলাদেশের ১০ থেকে ১৫ শতাংশ ভূমি প্লাবিত হতে পারে বলে মন্ত্রী জানান।
মন্ত্রী জানান, এ বিষয়ে গত ২১ মে প্রধানমন্ত্রীর দপ্তরে একটি আন্তঃমন্ত্রণালয় সভা হয়। ওই সভায় অবৈধভাবে বৃক্ষ নিধনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়ার এখতিয়ার সিটি করপোরেশনের বলেও পরিবেশ মন্ত্রী জানান।
