২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ইউনূসের পাশে ‘থাকবে’ বিএনপি

গ্রামীণ ব্যাংকের বিষয়ে মুহাম্মদ ইউনূসের অবস্থানে সমর্থন জানিয়েছে বিএনপি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2013, 05:04 PM

Updated : 23 Aug 2022, 11:03 AM

রোববার নোবেলজয়ীর সঙ্গে দেখা করে বিএনপির সহসভাপতি শমসের মবিন চৌধুরী বলেছেন, “গ্রামীণ ব্যাংকের অখণ্ডতা রক্ষা এবং এর প্রতিষ্ঠাতা মুহাম্মদ ইউনূসের পাশে সব সময় বিএনপি থাকবে।”

বিএনপির একটি প্রতিনিধি দল সন্ধ্যায় মিরপুরে ইউনূসের বাড়িতে যান।

যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পদক ‘কংগ্রেশনাল অ্যাওয়ার্ড’ অর্জন করায় নোবেলজয়ী একমাত্র বাংলাদেশিকে অভিনন্দন জানিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একটি বার্তা হস্তান্তর করেন তারা।

মুহাম্মদ ইউনূস সাংবাদিকদের বলেন, “আমি দেশ ও জনগণের হয়ে যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল অ্যাওয়ার্ড গ্রহণ করেছি। এটি আমার একার কিছু নয়, দেশবাসীর অর্জন।”

অভিনন্দন বার্তায় খালেদা ইউনূসকে ‘বিশ্ব গর্বিত ব্যক্তিত্ব’ উল্লেখ করে তার দীর্ঘায়ু কামনা করেন।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ওসমান ফারুকও প্রতিনিধি দলে ছিলেন। তারা বিরোধীদলীয় নেতার পক্ষে একগুচ্ছ ফুল ইউনূসের হাতে তুলে দেন।

শমসের মবিন সাংবাদিকদের বলেন, “গ্রামীণ ব্যাংক দেশের গ্রামীণ জনগোষ্ঠির উন্নয়নে যে অবদান রেখেছে, তা ইতিহাসে বিরল। বিএনপি গ্রামীণ ব্যাংকের সাফল্য কামনা করে।”

গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক ইউনূসকে মহাজোট সরকারের সময়ে এই দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়। এর বিরুদ্ধে আইনি লড়াইয়ে হেরে শেষে পদত্যাগ করেন তিনি।  

সরকার বলছে, ইউনূস আইন ভেঙে ওই পদে ছিলেন। অন্যদিকে বিএনপি বলছে, ইউনূস সরকারের প্রতিহিংসার শিকার।

ইউনূসের অভিযোগ, সরকার গ্রামীণ ব্যাংক ধ্বংস করে দিতে চাইছে।