২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিকাশকর্মীকে খুন করে টাকা ছিনতাই

নীলফামারীর সৈয়দপুরে এক বিকাশকর্মীকে খুন করে ২২ লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে সন্ত্রাসীরা।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2013, 12:55 PM

Updated : 23 Aug 2022, 11:03 AM

রোববার সকালে সদর উপজেলার জনবহুল কলিমের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হাবিবুর রহমান (২৩) শহরের ওয়াপদা মোড় এলাকার লুৎফর রহমানের ছেলে ।

হাবিবুর ব্র্যাক ব্যাংকের মোবাইল ব্যাংকিং বিকাশ কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী শহরের নতুন বাবুপাড়ার সামশুল হকের ছেলে এস এম সাহাবুল হক শিলা (৬১) জানান, সকাল সাড়ে ১১টার দিকে কলিম মোড়ের ইউনিলিভার অফিস থেকে দুটি চটের ব্যাগে ২২ লাখ টাকা নিয়ে পাশের বিকাশ পয়েন্টে যাচ্ছিলেন হাবিবুর রহমান (২৪) ও সোহেল (২৮)।

“এ সময়  দুটি মোটরসাইকেলে অতর্কিতে পাঁচজন সশস্ত্র ছিনতাইকারী এসে প্রথমে হাবিবুর রহমানের মাথায় গুলি করে টাকার একটি ব্যাগটি ছিনিয়ে নেয়। তখন সোহেল এগিয়ে গেলে তাকেও গুলি করে তার হাতে থাকা ব্যাগটি ছিনিয়ে নেয়।”

প্রত্যক্ষদর্শী এস এম সাহাবুল হক শিলা আরো জানান, ঘটনার সময় ধাওয়া দিয়ে এগিয়ে এলে অফিসার্স কলোনির জুম্মন মিয়ার ছেলে পথচারী শামীমকেও (৪৫) মাথায় ও বাহুতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা। 

“এ ঘটনায় হাবিবুর ঘটনাস্থলেই মারা যান। সোহেলকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।”

আহত শামীমকে সৈয়দপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নীলফামারী পুলিশ সুপার আলমগীর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনার পর পরই পাশের থানাগুলোতে ম্যাসেজ পাঠানো হয়েছে।

এ ঘটনার প্রতিবাদে দুপুরে ব্যবসায়ীরা শহরের মদিনা মোড়ে বিক্ষোভ করে।