ফেনীতে অস্ত্র উদ্ধার, যুবদল নেতা গ্রেপ্তার
ফেনী শহরে শনিবার রাতে গুলিসহ বিদেশি পিস্তল ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।
এ সময় এক যুবদল নেসতাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তাররা হলেন ছনুয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সবুজ ওরফে লেঙ্গা সবুজ (৩০) ও দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের রুহুল আমিনের ছেলে মো. ফয়েজ আহম্মদ (৩০)।
ফেনী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান জানান, হাজারী রোডের একটি বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল (ইউএসএ), একটি ম্যাগজিন, দুই রাউন্ড গুলি ও ১৩০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ সময় আনোয়ার হোসেন সবুজ ও রুহুল আমিনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ কর্মকর্তা আরো বলেন, তাদের কাছ থেকে ইয়াবা বিক্রেতাদের নাম সম্বলিত ডায়েরি, তিনটি ফেনসিডিলের খালি বোতলও উদ্ধার করা হয়।
পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেছে।
ফেনী মডেল থানার ওসি মো. মোয়াজ্জেম হোসেন জানান, আনোয়ার হোসেন সবুজের বিরুদ্ধে ফেনী মডেল থানায় তিনটি মামলসহ বহু অভিযোগ রয়েছে। পুলিশ দীর্ঘদিন ধরে তাকে খুঁজছিল।
