ফরিদপুরের ‘খোকন রাজাকারকে’ গ্রেপ্তারের আবেদন
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় ফরিদপুরের নগরকান্দা পৌর মেয়র বিএনপি নেতা জাহিদ হোসেন খোকনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
নগরকান্দা উপজেলা বিএনপির সহসভাপতি খোকনের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, অগ্নিসংযোগ, ধর্ষণ, লুণ্ঠন, জোরপূর্বক ধর্মান্তরিত করাসহ মোট ১০টি অভিযোগ এনেছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন। এতে সাক্ষী করা হয়েছে মোট ৫০ জনকে।
মোখলেসুর রহমান বলেন, “জাহিদ হোসেন খোকন একজন স্বঘোষিত রাজাকার। ১৯৭১ সালের ২৯ মে চাঁদের হাটে পাকিস্তানি সেনাবাহিনী ও এদেশীয় রাজাকার বাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের বড় ধরনের যুদ্ধ হয়। ওই যুদ্ধে জাফর রাজাকার মারা যাওয়ার পর তার ভাই খোকন নগরকান্দা রাজাকার বাহিনীর প্রধান হন।”
ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা বলছে, ১৯৭০ সালের জাতীয় নির্বাচনে খোকন জামায়াতের প্রার্থীর পক্ষে বৃহত্তর ফরিদপুর এলাকায় প্রচার চালান। পরে তিনি বিএনপির রাজনীতিতে জড়ান এবং নগরকান্দা পৌর কমিটির সহ-সভাপতি হন।
২০১১ সালে তিনি নগরকান্দা পৌরসভার মেয়র নির্বাচিত হন। মেয়র হিসেবে শপথ নেয়ার পর থেকেই তিনি পলাতক রয়েছেন।
তদন্ত সংস্থার কর্মকর্তা সত্য রঞ্জন রায় ২০১২ সালের ১৬ এপ্রিল জাহিদ হোসেন খোকনের বিরুদ্ধে অভিযোগের তদন্ত শুরু করেন। তদন্তকালে তিনি ৭৮ জনের জবানবন্দি নেন।
